স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

ঘন ঘন আগুন নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৩:২৩ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বড় কয়েকটি আগুনের ঘটনায় কোনো ধরনের নাশকতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের ঘটনায় জানমালের ক্ষতি হয়েছে। রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনুসন্ধান চলছে।

গতকাল শনিবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি’ কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসানসহ অন্যান্য অতিরিক্ত আইজিপি, পুলিশ স্টাফ কলেজের ফ্যাকাল্টিরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অতিরিক্ত আইজিপি ড. মল্লিক ফখরুল ইসলাম।

আসাদুজ্জামান খান বলেন, ‘কয়েক মাসের মধ্যে দেখেছি বড় বড় দু-চারটা অগ্নিকাণ্ড হয়েছে। সিলিন্ডার কিংবা গ্যাস সংযোগ ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকা দরকার। ফায়ার সার্ভিসের নির্দেশনা অনুযায়ী অগ্নিকাণ্ড রোধে বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করলে অগ্নিকাণ্ড থেকে বাঁচতে পারব।’ তিনি আরও বলেন, ‘রাজধানীর পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন সরিয়ে দেওয়ার জন্য জায়গা দিয়েছি। তারপরও তারা গোপনে আবার চলে আসে।’ যত্রতত্র সিলিন্ডার ব্যবহার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। প্রত্যন্ত অঞ্চল থেকে একটি পণ্যবাহী ট্রাক ঢাকা আসা পর্যন্ত কী পরিমাণ চাঁদা দেওয়া লাগে, আর সেই পণ্য কারওয়ান বাজার থেকে অন্য বাজারে নেওয়ার পর কী পরিমাণ দাম বাড়ে সবকিছুই আমরা অনুসন্ধান করেছি। কারওয়ান বাজারে যে জিনিস ২০ টাকায় বিক্রি হচ্ছে, সেটাই অল্প কিছু দূর নিয়ে ৪০ টাকায় বিক্রি করছে। অধিক মুনাফার চিন্তা থেকেই এর প্রভাব বেশি পড়ে। যশোর থেকে ঢাকায় একটি ট্রাকের কত টাকা চাঁদা দেওয়া লাগে। সেই হিসাবের আমরা পরিসংখ্যান করেছি। চাঁদাবাজি রোধে পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে। তাছাড়া চাঁদাবাজি বন্ধে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে সব মহাসড়ক ক্যামেরার আওতায় আনা হবে।’

যারা অতি মুনফার লোভে দাম বৃদ্ধি করছেন, তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও ভোক্তা অধিকারসহ বিভিন্ন ফোর্স এখানে কাজ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে যখনই আসে তখনই তারা অর্পিত দায়িত্ব পালন করে।’

আসাদুজ্জামান খান বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় দক্ষ পুলিশ কর্মকর্তা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশিত স্মার্ট পুলিশ গড়ে তুলতে পুলিশ স্টাফ কলেজের পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির প্রসার ও বিকাশ ঘটছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনী গড়ে তোলা এখন সময়ের দাবি। এই কোর্স সম্পন্নকারী পুলিশ কর্মকর্তারা সাইবার অপরাধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে অপরাধের ধরনে নানা পরিবর্তন এসেছে। সাইবার অপরাধ প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ গড়ে তোলার লক্ষ্যে এই কোর্সের গুরুত্ব রয়েছে।

আইজিপি বলেন, প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সাইবার অপরাধ মোকাবিলা এখন বিশ্বব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা অর্জনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স একটি সময়োপযোগী পদক্ষেপ।

পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের অ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই পিএসসি ইনস্টিটিউট সময় উপযোগী ও যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ পুলিশ কর্মকর্তা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাইবার অপরাধ মোকাবিলায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সটি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের সক্ষমতা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত