টেংরাগিরি বনে আগুন, ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৫:৫৩ পিএম

বরগুনার তালতলীতে সংরক্ষিত টেংরাগিরি বনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ১৭ ঘণ্টা পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বন বিভাগ। বনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান বন বিভাগ।

সোমবার (২৫ মার্চ) বেলা ১০টার দিকে বনের আগুন নিয়ন্ত্রণে আনে বন বিভাগ। এর আগে গতকাল সন্ধা ৬টার দিকে সংরক্ষিত টেংরাগিরি বনের বেহুলা নামক স্থানে এ আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ টেংরাগিরি সংরক্ষিত বনে রবিবার আনুমানিক সন্ধা ৬টার দিকে বড় নিশানবাড়িয়া ও সকিনা এলাকার সংরক্ষিত বনের নদীর পাশ দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক আগুন দেখে নদীর ওপারের স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। তবে বন বিভাগ তাৎক্ষণিক কোন স্থানে আগুন লেগেছে তা র্নিধারণ করতে পারেনি। পরে আজ সোমবার সকাল ৮ টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ১৭ ঘণ্টা আগুন জ্বালার কারণে কি ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি বন বিভাগ। 

পরিবেশ কর্মী মো. হাইরাজ মাঝি বলেন, সংরক্ষিত টেংরাগিরি বনের অংশে প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলছে আগুন। এতে বনের অনেকটা অংশ পুড়ে গেছে। গতকাল সন্ধ্যা থেকে জ্বলছিলো। কিছু দিন আগেও এ রকম আগুন দিয়েছে একটি চক্র। বন ও বন্যপ্রাণী রক্ষায় আরও আন্তরিক এবং আইনের প্রতি জনগণের সচেতন হওয়া দরকার। তা না হলে বন উজাড় হয়ে যাবে। 

তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, প্রথমে আমরা কোনো স্থানে আগুন লেগেছে তা ঠিক করতে পারিনি। সকালে স্থান নিশ্চিত হয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রাথমিকভাবে আমাদের ধারণ জেলেরা বনের ভেতরে রান্না করেছে সেখান থেকে আগুন লাগতে পারে। আমরা তদন্ত করে দেখতেছি যে কে বা কারা আগুন দিয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ১৭ ঘণ্টা আগুন জ্বালার কারণে বনের কি ধরনের ক্ষতি হয়েছে?। এ প্রসঙ্গে তিনি বলেন বনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত