কক্সবাজারের রামুতে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (৩০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার বিকাল ৪ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার চাকমারকূল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতিকুর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ছটিবাড়ি এলাকার মো. আতিয়ারের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে রামু তুলাবাগান হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আজিজুল বারী ইবনে জলিল বলেন, রবিবার কুমিল্লা থেকে আতিকুরসহ ছয়জন চারটি মোটরসাইকেল নিয়ে কক্সবাজার ঘুরতে আসেন। সোমবার বিকালে তারা কক্সবাজার থেকে কুমিল্লা ফিরছিলেন।
পথে চাকমারকূল এলাকায় পৌঁছালে চট্টগ্রামের দিক থেকে আসা তেলবাহী লরির সাথে আতিকুরের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আতিকুরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজিজুল বারী আরো বলেন, ঘটনার পরপরই তেলবাহী লরির চালক ও সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
