ভারতের অন্যতম জনপ্রিয় ও বহুলচর্চিত পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’-এ চমক দেখিয়েছেন বাংলাদেশি তারকারা। বিগত বারের মতো এবারও মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তাও আবার একই সঙ্গে দুই ক্যাটাগরিতে। এবারের মনোনয়নের তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশের আরও চার তারকা অপি করিম, তাসনিয়া ফারিণ, সোহেল মন্ডল ও মাহতিম শাকিব। অপি করিম ও তাসনিয়া ফারিণ সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন অপি করিম এবং অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য তাসনিয়া ফারিণ। এ ছাড়া সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন তালিকায়ও রয়েছে ফারিণের নাম। অপি করিম দেশ রূপান্তরকে বলেন, ‘প্রথমবারের মতো ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছি। এটা অবশ্যই আনন্দের। যে কোনো স্বীকৃতিই একজন শিল্পীর জন্য অনেক ভালো লাগার এবং আনন্দের।’
অন্য দিকে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন তালিকায় আছেন অভিনেতা সোহেল মন্ডল। ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন। এছাড়া এবারের মনোনয় তালিকায় সেরা গায়কের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম শাকিব। কলকাতার ‘চিনি ২’ সিনেমার ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য এই মনোনয়ন পেয়েছেন তিনি। জানা গেছে, আগামী ২৯ মার্চ কলকাতার তারকা হোটেল আইটিসি রয়েল বেঙ্গলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসর। ২০২৩ সালে টলিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা শিল্পীদের।
