অবশেষে গোল পেলেন লাউতারো, জিতল আর্জেন্টিনা

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:১৭ পিএম

চোটের কারণে লিওনেল মেসি নেই। তাকে ছাড়াই এল সালভাদরকে হেসেখেলে হারিয়েছিল।আর্জেন্টিনা। তবে আজ প্রতিপক্ষ কোস্টারিকা ছিল তুলনামূলক কঠিন। তবে তাতেও কোনো সমস্যা হয়নি আলবিসেলিস্তেদের। তাদেরকেও আনহেল ডি মারিয়ারা হারিয়ে দিয়েছেন মেসিকে ছাড়াই।

ফিফা র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আর্জেন্টিনা, আর ৫৪তম স্থানে কোস্টারিকা। তবুও তাদের সমীহ না করলে ঘটে যেতে পারে অঘটন। উত্তর আমেরিকার দেশটিকে যে হালকাভাবে তারা নেয়নি, মাঠের ফলই তা বলে দেয়। ম্যাচে আর্জেন্টিনা দাপট দেখিয়েছে সত্য, কিন্তু ভুগতেও হয়েছে বেশ। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ফুটবলের নাম্বার ওয়ান দলটি। কিন্তু বিরতির পর ডি মারিয়া, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং লাউতারো মার্টিনেজের গোল নিশ্চিত করেছে আর্জেন্টিনার জয়। ৩-১ গোলের এই জয় দিয়ে বছরের প্রথম আন্তর্জাতিক সূচি শেষ করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। 

খেলার ৩৪ মিনিটেই গোল হজম করে বসে আর্জেন্টিনা। কোস্টারিকার স্ট্রাইকার ম্যানফ্রেড উগাল্ডে প্রায় একক প্রচেষ্টায় আর্জেন্টিনার জালে জড়ান বল। তাতে উল্লাসে ফেটে পড়ে উত্তর আমেরিকার দেশটি। সেই ব্যবধান নিয়েই তারা বিরতিতে যায়।

অবশ্য বিরতির পর উল্লাস বেশিক্ষণ থাকেনি। ৫২ মিনিটে ভারপ্রাপ্ত অধিনায়ক আনহেল ডি মারিয়া সমতায় ফেরান দলকে। ফ্রি-কিক থেকে সরাসরি গোল করে নিজের নামের স্বার্থকতা প্রমাণ করেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে যা তার ৩০তম গোল।

এর ৪ মিনিট পরই ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। কর্নার থেকে দারুণ ক্রসে বল ডি বক্সের ভেতরে প্রবেশ করান ডি মারিয়া। ওতামেন্দির হেডে বল যায় তাগলিয়াফিকোর কাছে, তিনিও হেড দিলে বারে লেগে তা ফিরে আসে। কিন্তু বিপদমুক্ত করতে পারেনি কোস্টারিকার ডিফেন্স। ম্যাক অ্যালিস্টার দারুণ এক শটে গোল করে এগিয়ে দেন আর্জেন্টাইনদের।

দুই গোলে যেন ক্ষিদে মিটছিল না আর্জেন্টিনার। আরও চাই তাদের। ৭৭ মিনিটে গিয়ে তৃতীয় গোলের দেখা পায় তারা। আর সেটিও আসে লাউতারো মার্টিনেজের পায়ে। ক্লাব ফুটবলে দাপট দেখালেও আর্জেন্টিনার জার্সি গায়ে ছিল তার গোল খরা। অবশেষে ১৮ ম্যাচ পর জাতীয় দলের হয়ে তিনি পেলেন গোলের দেখা। ডি পল বক্সের ভেতর দৌড়ে এসে লাউতারোর পাস ধরে দারুণ ফিনিশিংয়ে দূরের শট জালে জড়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত