আগের দিনই পেয়েছেন দলে ফেরার সংবাদ। পরের দিনই জ্বলে উঠল সাকিব আল হাসানের ব্যাট। ৩০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরবেন তিনি। তার আগেই আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিফটি হাঁকালেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার রানে ফেরার দিনে আবারও সেঞ্চুরির দেখা পেয়েছেন পারভেজ হোসেন ইমন।
ডিপিএলে শুরুর দিকের ম্যাচগুলোতেও ছিলেন না শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা সাকিব। আজ বুধবার দলটির হয়ে মাঠে নেমেছেন সাকিব। দিনের শুরুতে তার দল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাট করতে নামে। প্রথম উইকেট পতনের পরই ব্যাট হাতে ক্রিজে আসেন সাকিব। শুরু থেকেই বেশ দেখেশুনে এগোতে থাকেন। একসময় তুলে নেন চলতি ডিপিএলে নিজের প্রথম অর্ধশতক।
তবে এরপর আর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি তারকা এই ক্রিকেটার। ব্যক্তিগত ৫৩ রানে থাকা অবস্থায় গাফফারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব।
অবশ্য সাকিবের রানে ফেরার ম্যাচেও খুব একটা স্বস্তিতে নেই তার দল। ৩৫ ওভার শেষে ১৪৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে শেখ জামাল।
এদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়ছে প্রাইম ব্যাংক। তারা আগে ব্যাট করতে নেমে করেছে ৩৯ ওভারে ৪ উইকেটে ২২১ রান তুলেছে। সেঞ্চুরি হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন। চলতি ডিপিএলে যা তার তৃতীয় শতক। ৬ ছক্কা ও ৫ চারে ১০৪ রানে অপরাজিত আছেন। এছাড়া দলের অধিনায়ক তামিম ইকবাল ৬৮ রান করে আউট হয়েছেন।
