রোগীকে অচেতন করতে হ্যালোথেন ব্যবহার নিষিদ্ধ

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:৫০ এএম

অস্ত্রোপচারের সময় রোগীকে অচেতন করার জন্য ব্যবহৃত হ্যালোথেন ওষুধ নিষিদ্ধ করেছে সরকার। এখন থেকে হ্যালোথেনের পরিবর্তে আইসোফ্লুরেন বা সেভোফ্লুরেন ব্যবহার করতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দারের সই করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

অস্ত্রোপচারের সময় রোগীকে পুরোপুরি অচেতন করার জন্য এতদিন দেশে তুলনামূলক কম দামের হ্যালোথেন অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হতো। তবে শারীরিক ও পরিবেশগত ক্ষতির দিক বিবেচনা করে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) গত বছরই হ্যালোথেন নিষিদ্ধ করে দেয়। তখন দেশেও এ ওষুধের উৎপাদন বন্ধ করে উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই ফার্মাসিটিক্যালস লিমিটেড।

অ্যানেস্থেশিয়ার ব্যবহার নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয় ১. সারা দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক হিসেবে হ্যালোথেনের পরিবর্তে আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেন ব্যবহার করতে হবে। ২. মোট হ্যালোথেন/আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেন ভেপোরাইজারের সংখ্যা এবং বিদ্যমান হ্যালোথেন ভেপোরাইজার পরিবর্তন করে আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপন করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রাক্কলন করতে হবে। ৩. ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ব্যতীত হ্যালোথেন ক্রয়-বিক্রয় ও ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ৪. সারা দেশের সব অ্যানেস্থেসিওলজিস্টদের (সরকারি/বেসরকারি) নিয়ে হ্যালোথেনের পরিবর্তে আইসোফ্লুরেন ব্যবহারসংক্রান্ত নির্দেশনা প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ৫. সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে থেকে বিদ্যমান হ্যালোথেন ভেপোরাইজারের পরিবর্তে আইসোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপনের জন্য চাহিদা মোতাবেক ব্যবস্থা নিতে হবে। ৬. নতুন অ্যানেস্থেশিয়া মেশিন কেনার ক্ষেত্রে স্পেসিফিকেশন নির্ধারণে স্পষ্টভাবে আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেন ভেপোরাইজারের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত