যানজট হওয়ার ৪৮টি স্থান চিহ্নিত

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৮:০৩ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যানজটমুক্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পরিকল্পনা হতে নিয়েছে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চল। প্রতিবছরই এই মহাসড়কে যানজট, দুর্ঘটনাসহ বিশৃঙ্খলা দেখা দেয়। এর সঙ্গে মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনাও ঘটে। এসব কারণে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট হওয়ার ৪৮টি ও কুমিল্লা অংশে ২০টি পয়েন্টে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কুমিল্লার ১০১ কিলোমিটার এলাকার প্রবল ঝুঁকিপূর্ণ ১৭ স্থানকে চিহ্নিত করেছে পুলিশ।

যানজট সৃষ্টি হওয়ার স্থানগুলোর মধ্যে দাউদকান্দি-মেঘনা টোলপ্লাজা, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাজার ও বাসস্ট্যান্ড, চান্দিনা বাজার, মাধাইয়া বাজার ও বাসস্ট্যান্ড, সুয়াগাজি বাজার ও স্ট্যান্ড, বুড়িচং নিমসার বাজার, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার একাধিক বাসস্ট্যান্ড, সদর উপজেলার আলেখারচর, সুয়াগাজি বাজার, নুরজাহান হোটেল, কুমিল্লা সদর দক্ষিণ মোড় এলাকায় বাজার, বাসস্ট্যান্ডসহ উপজেলা কমপ্লেক্স, সিটি করপোরেশন এলাকার কোটবাড়ি নন্দনপুর ইউটার্ন, পদুয়ার বাজার ইউটার্ন ও বাজার স্ট্যান্ড, জাগুরঝুলি, নাজির বাজার ও ইউটার্ন, চৌদ্দগ্রাম বাজার ও বাসস্ট্যান্ড।

মহাসড়কের উল্লিখিত স্থানগুলোতে যানজট লেগে থাকে সারা বছর। যানজটের প্রধান কারণগুলো হলো এসব স্থানের অবৈধ বাজার ও বাসস্ট্যান্ড। গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে বাজার ও স্ট্যান্ডগুলো অপসারণ করতে না পারলে মহাসড়ক যানজটমুক্ত করা যাবে না বলে জানিয়েছেন সাধারণ মানুষ। অনিরাপদ ইউটার্ন ও মহাসড়ক পারাপারে ওভারপাস না থাকয় হেঁটে মহাসড়ক পারাপারেও যানজট লেগে থাকে। এ বিষয়গুলো নিয়ে কাজ করলে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে মহাসড়ককে যানজটমুক্ত ও নিরাপদ রাখা যাবে।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, মহাসড়কের যানজটপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। টহল ও নজরদারি করা হচ্ছে। বন্ধ করা হয়েছে সব ধরনের চাঁদাবাজি। কোথাও হাইওয়ে পুলিশ চাঁদাবাজি করলে, তা প্রমাণিত হলে তাকে ক্লোজ করা হবে, কোনো ধরনের যানবাহন দাঁড় করিয়ে হয়রানি করা যাবে না। যেসব মহাসড়ক এলাকায় বাজার ও বাসস্ট্যান্ড রয়েছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিষিদ্ধ তিন চাকার গাড়ি আটক হলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য নয়। কুমিল্লা অংশে দাউকান্দিসহ একাধিক স্থানে সিসি ক্যামেরার মাধ্যমে সড়কের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, কুমিল্লা অঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোয় কিছুটা যানজট রয়েছে। তবে এবার ঈদে নির্বিঘেœ সবাই বাড়িতে যেতে পারবে। কোনো দুর্ঘটনাজনিত কারণে কিংবা টোলপ্লাজায় যদি যানবাহনের জটলা তৈরি হয়, তাহলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হয়েছে। আর টোলপ্লাজায় সাধারণ গাড়ির চাপ বাড়লেই যানজট তৈরি হয়। যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মহাসড়কে দুর্ঘটনা ঘটলে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে, অ্যাম্বুলেন্সের পাশাপাশি প্রস্তুত রয়েছে বিশেষ কুইক রেসপন্স টিম। সড়ক জুড়ে পোশাকধারী পুলিশের পাশাপাশি কাজ করছে কমিউনিটি পুলিশ। এ ছাড়া যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে প্রতিযোগিতাহীন গাড়ি চালানোর পাশাপাশি সড়ক পারাপারে পথচারীদের সচেতন থাকার পরামর্শ হাইওয়ে পুলিশের। মহাসড়কে ডাকাতি, চুরি, ছিনতাই রোধে ও মলম পার্টি, বমি পার্টি, ঢিল পার্টির বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে পুলিশ। একই সঙ্গে জেলা পুলিশ মহাসড়কের পার্শ¦বর্তী থানা এলাকায় সড়কে নির্বিঘ্নে চলাচলের জন্য স্বেচ্ছাসেবীকর্মীরা কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত