শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আগামী ৫ বছরের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতিতে পুনর্নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির ২৮তম বার্ষিক সাধারণ সভা বা এজিএমে শেয়ারধারীদের ১০০ ভাগ ভোটে তিনি এমডি নির্বাচিত হন।
শেয়ারধারীদের মধ্যে ১০ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার ১৭৮টি ভোট তানভীর আহমেদকে এমডি নিয়োগের পক্ষে পড়ে, যা মোট ভোটের ১০০ ভাগ।
এনভয় টেক্সটাইলসের ২০২৩ সালের এজিএম গতকাল রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনভয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ।
সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাববছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন নেওয়া হয়। এই সাধারণ সভায় শেয়ারধারীদের বড় অংশ (৯৯ দশমিক ৯৭ শতাংশ) কোম্পানিটির পরিচালক শেহরীন সালামকে পুনরায় পরিচালক পদে নির্বাচনের বিরোধিতা করেন। ফলে তিনি পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েন। শেহরীন সালাম নির্বাচিত না হওয়ায় শূন্যপদে পরিচালক হিসেবে নির্বাচিত হন ইপিক গার্মেন্টস মনোনীত সুনীল দৌলতরাম দারিয়ানানি। এ ছাড়া পরিচালক হিসেবে শেয়ারহোল্ডারদের শতভাগ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সুমাইয়া আহমেদ।
