নির্যাতনের অভিযোগ করে মিথ্যাচার করছে

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০২:২২ এএম

বিএনপি নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্য দখলের যে অভিযোগ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলেছেন, তা মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তিনি (ফখরুল) সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ না দিয়ে ঢালাওভাবে বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। বরং আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন। কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন না।’

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে ঘরবাড়ি ছাড়তে হয়েছিল। নৌকায় ভোট দেওয়ার অপরাধে দলের নেতাকর্মী ও সমর্থকদের নির্মম অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়েছিল। বিএনপি-জামায়াতের ক্যাডার বাহিনী দ্বারা হাজার হাজার নারী ধর্ষিত হয়েছিল। সারা দেশে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির পিতাকে সপরিবারে হত্যার পর খুনি জিয়া-মোশতাক চক্র মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধূলিসাৎ করে। সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান নিজের অবৈধ ও অসাংবিধানিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে ধর্মের কার্ড ব্যবহার করে; ধর্মভিত্তিক রাজনীতি প্রচলন করে। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের বীজ বপন এবং উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে।’

বিভেদের রাজনীতির গোড়াপত্তন জিয়ার আমলে হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দল বিশেষ করে আওয়ামী লীগকে নির্মূল করার লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালানো হয়।’

মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়, এমন মন্তব্য করে তিনি বলেন, ‘অগণতান্ত্রিক ও উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির প্রতিভূ বিএনপির ফ্যাসিবাদী দর্শনে জনগণ কখনো সাড়া দেয়নি; দেবেও না। তাই বিএনপি সর্বদা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তানি ভাবাদর্শকে পুঁজি করে রাজনীতি করা বিএনপির একান্ত কাম্যই হলো যেকোনো উপায়ে ক্ষমতা দখল, জনকল্যাণ নয়। তারা ক্ষমতায় গিয়ে নিজেদের আখের গুছিয়ে নিয়েছিল। বাংলার জনগণ তাদের দ্বারা প্রতারণার শিকার হয়েছিল। জনগণ এই প্রতারক গোষ্ঠীকে আর ক্ষমতায় দেখতে চায় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত