সাংবাদিক ভাবনা

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:৪৯ এএম

ঈদের আগের দিন প্রচারিত হবে রেজানুর রহমানের বিশেষ নাটক ‘একটি খোলা চিঠি।’ বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনার ওপর নির্মিত এই নাটকে আশনা হাবীব ভাবনা অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। এই কাজটি করে বেশ তৃপ্ত অভিনেত্রী।

নাটকের গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত এক পরিবারের প্রধান ব্যক্তি একজন স্কুলশিক্ষক। তিনি নীতিবান। তার বড় মেয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি। ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষের অসহায় মৃত্যু স্কুলশিক্ষক আলাল উদ্দিনকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। তার মতে, এটি অগ্নিকাণ্ড নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন তিনি। এমনই এক অস্থির মুহূর্তে এলাকার চেয়ারম্যান আলাল মাস্টারকে তলব করেন। চেয়ারম্যান একজন সংবাদকর্মীকে খুন করেছেন। এই ঘটনার অন্যতম সাক্ষী আলাল মাস্টার।বেইলি রোডের ঘটনায় আলাল মাস্টার মামলা করবেন বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সমর্থন জানিয়ে নিজে যে খুন করেছেন সেই মামলার সাক্ষী না হতে আলাল মাস্টারকে হুমকি দেন চেয়ারম্যান। আলাল মাস্টার অনড়। চেয়ারম্যান এবার আলাল মাস্টারের মেয়ে সংবাদকর্মী গুলনাহারকে অপহরণ করেন।

ক্ষমতা ও টাকাকে কখনো ভয় পান না অভিনেত্রী ভাবনা। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি ক্ষমতাকে ভয় পাই না। কেউ আমাকে অনৈতিকভাবে ক্ষমতা দেখিয়ে ভয় পাওয়াতে পারবে না। ঠিক এমনই একটি চরিত্রে কাজ করতে পারাটা অনেক আনন্দের। সাংবাদিক চরিত্রে অভিনয় করেছি। এটা অনেকটা এমনই। যে সাংবাদিক অর্থ ও টাকার কাছে নতি স্বীকার করে না।

সাংবাদিক চরিত্রে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, যদিও আমি সাংবাদিকদের ত্যাগ উপলব্ধি করতে পারি। এই চরিত্রটা করতে গিয়ে সেটার মধ্যে ডুবে গিয়েছি, উপলব্ধিটা হয়তো আরও বেশি করেছি। যদিও আমার সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক ও ধারণা ভালো, শুধু বিনোদন সাংবাদিক নয়, সব ধরনের সাংবাদিকদের প্রতি আমার উচ্চ ধারণা। ফলে স্বাভাবিকভাবে এই কাজটা আমার জন্য অত্যন্ত ভালো লাগার কাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত