মালয়েশিয়ায় অস্ত্রসহ সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার

  •  গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছে অস্ত্র ও জাল ফরাসী পাসপোর্ট পাওয়া গেছে জানিয়েছে পুলিশ
  • ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্য কিনা তা খতিয়ে দেখছে মালয়েশিয়া পুলিশ
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১১:২০ এএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এক হোটেল থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর হিসাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং আল জাজিরা।

মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক রাজারুদ্দিন হোসেন শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছে ছয়টি হ্যান্ডগান ও ২০০টি গুলি পাওয়া গেছে। তিনি গত ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে জাল ফরাসী পাসপোর্টের মাধ্যমে কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন।

রাজারুদিন আরও জানান, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি ইসরায়েলি পাসপোর্ট পাওয়া গেছে। ওই ব্যক্তি কর্তৃপক্ষকে জানিয়েছে যে, তিনি পারিবারিক বিরোধের জের ধরে অন্য ইসরায়েলি নাগরিককে খুঁজে বের করতে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন।

তিনি বলেন, "আমরা এই ব্যাখ্যা পুরোপুরি বিশ্বাস করি না, কারণ আমরা সন্দেহ করছি যে এখানে অন্য কোন এজেন্ডা থাকতে পারে।"

রয়টার্স জানায়, ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্য কিনা তা খতিয়ে দেখছে মালয়েশিয়া পুলিশ।

গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ব্যক্তির কাছে পাওয়া অস্ত্রগুলো মালয়েশিয়ায় কেনা হয়েছিল এবং ক্রিপ্টোকারেন্সি দিয়ে অর্থ প্রদান করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ।

এর আগে ২০১৮ সালে কুয়ালালামপুরে একজন ফিলিস্তিনি বিজ্ঞানীকে গুলি করে হত্যা করেছিল দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছিল যে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই হত্যার পেছনে রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল ইসরায়েল।

মালয়েশিয়া একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ যারা গাজা যুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের কঠিন সমালোচনা করেছে এবং ফিলিস্তিনিদের সমর্থন জানিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে মালয়েশিয়ার সাথে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটিতে প্রায় ৬০০ ফিলিস্তিনি শরণার্থী রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত