আবারও ভয়াবহ সংঘর্ষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সন্ত্রাস ও দাঙ্গা কবলিত গ্রাম বিরাসারে। ব্যাপক হামলা-ভাঙচুর আর অগ্নিসংযোগে শ্মশানে পরিণত হয়েছে পুরো গ্রাম। রমজানের পবিত্রতা উপেক্ষা করে গতকাল শনিবার সেহরির পরপর হামলা-সংঘর্ষ শুরু হয় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের শহরতলীর বিরাসার গ্রামটিতে।
কুমিল্লা-সিলেট ও ঢাকা-আগরতলা মহাসড়কের পশ্চিম পাশে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পরই সদর উপজেলার বিরাসার গ্রাম। এই গ্রামে আধিপত্য বিস্তার এবং শহরের আনন্দ বাজারের কর্তৃত্ব ও গোষ্ঠীগত দাপট দেখানো নিয়ে বছরের পর বছর ধরে বিরোধ চলে আসছে দুটি পক্ষের মধ্যে।
যার এক দিকে রয়েছে নাটাই উত্তর ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে চেয়ারম্যান বাড়ি, হাজিবাড়ি, সাহেব বাড়ি ও পোড়াবাড়ির গোষ্ঠীর সমন্বয়ে একটি দল। অপরপক্ষে আছে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক বাবুল মিয়ার নেতৃত্বে বড়গোষ্ঠী।
গতকাল শনিবার সেহরি ও ফজর নামাজের পরপরই পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের শতশত মানুষ। বিপুল পরিমাণ হাতবোমা ও পেট্রোল বোমার বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়ে পড়ে। চতুর্দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। হামলা-ভাঙচুর-অগ্নিংযোগে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে বৃষ্টির মতো হাতবোমা ও পেট্রোল বোমার বিস্ফোরণের কারণে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষে বিভিন্ন এলাকায় যাওয়া অসুবিধাজনক হয়ে পড়ে।
গতকাল শনিবার দুপুর ১২টায় বিরাসার গ্রামে গিয়ে দেখা গেছে পোড়া গ্রাম। বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়ি-ঘরের পোড়া সামগ্রী। বিভিন্ন বাড়ি থেকে তখনো ধোয়া উঠছিল। বেশ কয়েকটি রাস্তায় পড়ে ছিল হাজার হাজার ইটের টুকরো। বোতল ভাঙ্গা ও বাড়ির ভাঙ্গা কাচে বিভিন্ন রাস্তায় হাঁটা দায় হয়ে পড়ে।
দৃষ্টি প্রতিবন্ধী ফায়েজ মিয়া জানান,আমার তিনটি ঘরই পুড়িয়ে দিয়েছে। আমি কীভাবে আবার এসব ঘর বানাব? পরিবার নিয়ে কই থাকব?
সদর থানার ওসি আসলাম হোসাইন জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম বলেন, এক দিকে নেভাতে নেভাতে অন্যদিকে আগুন লাগিয়ে দেয়া হয়। এমন ভয়াবহ চিত্র আর দেখিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।
