ভাঙ্গা থেকে পরীক্ষামূলক ট্রেন গেল যশোরে

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০২:২২ এএম

ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে একটি পরীক্ষামূলক ট্রেন। এটিই প্রথম এই রুটে যাত্রীবাহী ট্রেনের গতির ট্রায়াল। এ সময় ট্রেনে কয়েকজন স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী হিসেবে ছিলেন। গতকাল শনিবার সকাল সোয়া ৮টার দিকে ভাঙ্গা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।  ট্রেনটির চালক হিসেবে ছিলেন মো. সাখাওয়াত হোসেন। ভাঙ্গা থেকে ৯৩ দশমিক ৬ কিলোমিটার দূরের যশোরের রূপদিয়া রেলস্টেশনের উদ্দেশে ট্রায়াল শুরু করে ট্রেনটি। ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, এর আগে ট্রেন ভাঙ্গা থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে যশোর পৌঁছাতে সময় লাগত ৫ ঘণ্টা। সেখানে নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। শনিবার ছাড়াও আজ রবিবার সকাল থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন দ্রুতগতির আরেকটি ট্রায়াল ট্রেন যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। যশোর থেকে আবার ভাঙ্গা আসবে। পরদিন ভাঙ্গা থেকে পুনরায় আবার যশোর যাবে।

ভাঙ্গার রেলস্টেশন মাস্টার মো. জিল্লুর রহমান জানান, শনিবার সকাল সোয়া ৮টার দিকে উচ্চ গতিসম্পন্ন পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটির গতি ছিল ১২০ কিলোমিটার। যশোরে পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। রবিবার সকালে যশোর থেকে আবার রূপদিয়া রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসবে। এভাবে দ্রুত গতিতে কয়েকবার পরীক্ষামূলক ট্রায়াল ট্রেনটি চলাচল করবে।

রেলওয়ে সূত্রমতে, এ প্রকল্প মেয়াদ চলতি বছর জুনে শেষ হবে। প্রকল্পটির কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। ২০১৬ সালের ৩ মে একনেকে ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’ নামে প্রকল্পটির অনুমোদন হয়। এই প্রকল্পের ব্যয় হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত