২২ ধরনের হার্টের রিংয়ের দাম কমল সর্বোচ্চ ৪৪%

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০২:২৭ এএম

সরকার হৃদরোগীদের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিংয়ের দাম কমিয়েছে। দেশে পাওয়া যায় এমন ৯ দেশের ২২ ধরনের রিংয়ের দাম সর্বোচ্চ ৪৪ শতাংশ থেকে সর্বনিম্ন ৩ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

গতকাল মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত হার্টের রিংয়ের একটি তালিকা পাঠানো হয়েছে। সেখানে আগের ও বর্তমান দাম উল্লেখ করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বাংলাদেশে ইউরোপীয় এবং অন্যান্য দেশের হার্টের রিং উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি ও ইন্টারভেনশন কার্ডিওলজিস্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন কোম্পানির হার্টের রিংয়ের দাম কমানো হলো। ঔষধ প্রশাসন অধিদপ্তরের এ পদক্ষেপের ফলে কার্ডিয়াক রোগীরা এখন দেশেই সুলভ মূল্যে হার্টের রিং লাগাতে পারবেন।

অধিদপ্তরের ইউরোপীয় ও অন্যান্য দেশের হার্টের রিংয়ের মূল্যতালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বোচ্চ ৪৪ শতাংশ দাম কমেছে সুইজারল্যান্ডের বাইয়ো ফ্রিডম হার্টের রিংয়ের। ওমেগা হেলথ কেয়ার এই পণ্য দেশে আমদানি করে। এই হার্টের রিংয়ের আগে দাম ছিল ১ লাখ ২১ হাজার ৬০০, এখন ৫৩ হাজার ৬০০ কমে হয়েছে ৬৮ হাজার টাকা। সর্বনিম্ন ৩ শতাংশ দাম কমেছে দুটি কোম্পানির রিং। এর মধ্যে পোল্যান্ডের অ্যাবারিস রিংয়ের দাম আগে ছিল ৬১ হাজার ৯২১, এখন ১ হাজার ৯২১ টাকা কমে হয়েছে ৬০ হাজার। একইভাবে সুইজারল্যান্ডের বায়োমেট্রিকস নিওফ্লেক্স রিংয়ের দাম ছিল ৬১৯০০-৭৬০০০ টাকার মধ্যে, এখন হয়েছে ৬০ হাজার। পোল্যান্ডের অ্যালেক্স প্লাস রিংয়ের আগের দাম ছিল ৬২ হাজার ৫০০, এখন হয়েছে ৬০ হাজার টাকা। কমেছে ৪ শতাংশ। একই দেশের অ্যালেক্স রিংয়ের দাম ছিল ৬২ হাজার ৩৯৫, এখন ৪ শতাংশ কমে হয়েছে ৬০ হাজার টাকা।

জার্মানির করোফ্লেক্স রিংয়ের দাম ছিল ৫৯ হাজার ১১৯, ১০ শতাংশ কমে হয়েছে ৫৩ হাজার টাকা। একই দেশের করোফ্লেক্স আইএসএআর নিও রিংয়ের দাম ছিল ৭৩ হাজার ১২৫, এখন ২৫ শতাংশ কমে হয়েছে ৫৫ হাজার টাকা।

সুইজারল্যান্ডের ওরসিরো রিংয়ের দাম ছিল ৬৩০০০-৭৬০০০ টাকার মধ্যে। এখন কমে হয়েছে ৬৩ হাজার টাকা। ওই দেশের ওরসিরো মিশন রিংয়ের দাম ছিল ৮১ হাজার টাকা। ১৩ হাজার কমে হয়েছে ৬৮ হাজার টাকা। কমেছে ১৬ শতাংশ।

দক্ষিণ কোরিয়ার জেনোস ডিইএস রিংয়ের দাম ছিল ৬৫৫০০-৮২০০০ টাকার মধ্যে; এখন কমে হয়েছে ৫৬ হাজার।  যুক্তরাষ্ট্রের অ্যাফিনিটি-এমএস মিনি কো সিআর রিংয়ের দাম ছিল ৭০০০০-৯১০০০, কমে হয়েছে ৬০ হাজার টাকা।

স্পেনের ইভাসকুলার অ্যানজিওলাইট রিংয়ের দাম ছিল ৮৭ হাজার, ২৫ হাজার কমে হয়েছে ৬২ হাজার টাকা। কমেছে ২৯ শতাংশ।

ভারতের এভারমাইন-৫০ রিংয়ের দাম ছিল ৯৫ হাজার ৫০০, এখন ৪২ শতাংশ কমে হয়েছে ৫০ হাজার টাকা। ওই দেশের বায়োমিম মরফ রিংয়ের দামও ৪২ শতাংশ কমেছে। আগে ছিল ৯৫ হাজার ৫০০, এখন ৫০ হাজার টাকা।

যুক্তরাষ্ট্রের ডিরেক্ট-স্টেন্ট-সিরো রিংয়ের দাম ছিল ৯৬ হাজার ৭৩১, এখন ৩০ হাজার ৭৩১ টাকা কমে হয়েছে ৬৬ হাজার; কমেছে ৩২ শতাংশ।

সুইজারল্যান্ডের বায়োমেট্রিকস আলফা রিংয়ের দাম ছিল ৮৬০৩৬-৮৯০০০, এখন নির্ধারণ করা হয়েছে ৬৬ হাজার টাকা। নেদারল্যান্ডসের অ্যাবলুমিনাস ডিইএসপ্লাস রিংয়ের দাম ছিল ৭১ হাজার ২০০, এখন ৮ হাজার ২০০ টাকা কমে হয়েছে ৬৩ হাজার; কমেছে ১২ শতাংশ।

এ ছাড়া জার্মানির জিলিমাস রিংয়ের দাম কমে নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার টাকা। ভারতের মেটাফোর ৪০ হাজার ও বায়োমিম ৪৫ হাজার, জাপানের আল্টিমাস্টার তেনসেই ৬৬ হাজার ও যুক্তরাষ্ট্রের ডিরেক্ট-স্টেন্ট রিংয়ের দাম ৩০ হাজার টাকা করা হয়েছে।

তবে অধিদপ্তরের তালিকা অনুযায়ী, একটি কোম্পানির হার্টের রিংয়ের দাম বাড়ানো হয়েছে। সুইজারল্যান্ডের প্রো-কিনেটিক এনার্জি রিংয়ের দাম ছিল ১৮ হাজার ৭৪৮, এখন বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত