সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ-১৬ ও অনূর্ধ-১৯) দলের পঞ্চগড় জেলার ছয় কৃতী খেলোয়াড়কে পঞ্চগড় জেলা প্রশাসন সংবর্ধনা দিয়েছে। দুটি খেলায় একটি জেলার ছয়জন খেলোয়াড় অসামান্য অবদান রাখায় গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
এতে সংবর্ধনা দেওয়া হয় টুকু ফুটবল একাডেমির ইয়ারজান ও বোদা উপজেলা ফুটবল একাডেমির শিউলী, আলপি, বৃষ্টি, নুসরাত জাহার মিতু ও তৃষ্ণা রানীকে। একই সঙ্গে সদরের টুকু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক টুকু রেহমান ও বোদা উপজেলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোফাজ্জল হোসেন বিপুলকেও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, বোদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল, টুকু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা টুকু রেহমান বক্তব্য দেন।
