হিট অ্যালার্টের মধ্যে ভরদুপুরে হকি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:০০ এএম

ঢাকাসহ দেশের চার বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। যা আগামী দুদিনে আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। চলতি এপ্রিলে ছয়টির মতো তাপপ্রবাহের শঙ্কা আছে। তাতে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এ রকম তীব্র গরমের মধ্যেই আজ থেকে শুরু হচ্ছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকির সুপার লিগ। বেলা ২টায় শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে আবাহনী খেলবে বাংলাদেশ পুলিশের সঙ্গে। আর দ্বিতীয় ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। গতকাল প্রকাশিত পরিবর্তিত সূচিতে দেখা যাচ্ছে শনিবার ঊষা ক্রীড়া চক্র ও মেরিনার ইয়াংস ক্লাবের ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। আর মোহামেডান-পুলিশ ম্যাচটি শুরু হবে সাড়ে ৩টায়।

অত্যধিক গরমে টার্ফে স্বাভাবিক খেলা ব্যাহত হচ্ছে, এমন অভিযোগ সব খেলোয়াড়ের। তবে রমজান মাস বলে এটা মেনে নেওয়া ছাড়া গতিও নেই। সন্ধ্যার পর তারাবির নামাজের কারণে খেলাগুলো ইফতারের আগেই শেষ করতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন। এই গরমে খেলার কষ্টটা অবশ্য বহুগুণ বাড়ছে দলগুলোর অহেতুক সময় ক্ষেপণে। বিদেশি আম্পায়ারদের অধীনেও দলগুলোর রাশ টানা যাচ্ছে না। যে কোনো অজুহাতে খেলতে অস্বীকৃতি জানিয়ে ৬০ মিনিটের ম্যাচ দেখা যায় আড়াই ঘণ্টায়ও শেষ করা যাচ্ছে না। এমনকি ভিডিও রেফারেল থাকাবস্থায়ও দলগুলো আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদ চালিয়েই যাচ্ছে।

সুপার লিগেও এরকম ঘটনা ঘটবে প্রতিদিনই। তীব্র গরমে ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রথমপর্বে সর্বোচ্চ ২৯ গোল করা মেরিনার্সের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট সোহানুর রহমান সবুজ। মেরিনার্স সুপার লিগের প্রথম দুটি ম্যাচ খেলবে দুপুর দেড়টায়। প্রথমটি আগামীকাল ঊষার বিপক্ষে। দ্বিতীয়টি পরের দিন আবাহনীর বিপক্ষে। টানা দুদিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেড়টায় শুরু নিয়ে আপত্তি তার, ‘গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ আমাদের কোনো বিশ্রাম ছাড়াই খেলতে হবে দুপুর দেড়টায়। এ রকম গরমে স্বাভাবিক খেলা অসম্ভব। সূচি করার আগে বিষয়টি চিন্তা করা উচিত ছিল ফেডারেশনের।’

তীব্র গরম সত্ত্বেও খেলা চালানোর বিকল্প নেই হকি ফেডারেশনের সামনে। লিগ কমিটির সদস্য সচিব খাজা তাহের লতিফ মুন্না বলেন, ‘চাইলেও সূচি পরিবর্তন সম্ভব নয়। কারণ বাংলাদেশ বিমান বাহিনী তাদের খেলোয়াড়দের নিয়ে ভারতে খেলতে যাবে ২০ এপ্রিল। লিগের অধিকাংশ দলেই বিমান বাহিনীর খেলোয়াড় আছে। তাই তাদের বাদ দিয়ে ক্লাবগুলো খেলতে চায় না। অগত্যা এর মধ্যেই আমাদের খেলা চালাতে হবে।’

গরমের প্রভাব প্রথমপর্বেও ছিল বেশ। তারপরও দলের হয়ে ২৯ গোল করে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন গত লিগে ৩৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া সবুজ। তবে নিজে গোল পেলেও দল কিছুটা পিছিয়ে পড়ায় হতাশ তিনি। ক্লাব কাপ টুর্নামেন্ট জয়ের পর লিগে ঊষা ও মোহামেডানের কাছে হেরেছে মেরিনার্স। এছাড়া বাংলাদেশ পুলিশের সঙ্গে ড্র করায় ২২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চারে। শিরোপা পুনরুদ্ধার করা তাই তাদের জন্য বেশ কঠিন। সেক্ষেত্রে সুপার লিগের পাঁচ ম্যাচেই জিততে হবে মেরিনার্সকে। সবুজ বলেন, ‘ক্লাব কাপে এত ভালো খেলার ধারাবাহিকতা আমরা লিগে ধরে রাখতে পারিনি। তারপরও সর্বোচ্চ চেষ্টা করব সুপার লিগের সব ম্যাচ জেতার।’ ব্যক্তি সবুজের কীর্তিতে প্রথমপর্বে দলীয় সর্বোচ্চ গোলের রেকর্ড মেরিনার্সের। ১০ ম্যাচে তাদের গোলসংখ্যা ৭৮টি। প্রথমপর্বে হওয়া ৪৪১ গোলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ গোল ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আবাহনীর। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ঊষা করেছে ৫৯ গোল। আর ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহামেডানের গোলসংখ্যা ৫৩।

সবচেয়ে কম করেছে প্রথমপর্বেই ঝরে পড়া আজাদ স্পোর্টিং ক্লাব (১৪ গোল)। গোল হজমের হিসাবে আবাহনী সবচেয়ে এগিয়ে। তারা মাত্র ১১ গোল হজম করেছে। আর সবচেয়ে বেশি গোল হজম করেছে রেলিগেশনের খাড়ায় পড়া দিলকুশা স্পোর্টিং ক্লাব (৮১টি)।

নতুন সূচি অনুযায়ী আবাহনী-মোহামেডান ম্যাচ দিয়ে সুপার লিগ শেষ হবে ১৯ এপ্রিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত