ম্যানসিটির হ্যাটট্রিকম্যান

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০২:৫৩ এএম

কদিন আগে নিজেদের মধ্যে খেলা ড্র রাখা ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল গতকাল খেলতে নেমেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ৩০তম রাউন্ডের ম্যাচ। দুদলই জয় পেয়েছে। আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে লুটন টাউনকে। আর ফিল ফোডেনের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটি ৪-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।

আর্লিং হালান্ড ও ডি ব্রুইনেকে বাইরে রেখে জুলিয়ান আলভারেজ ও জেরিম ডকুকে নিয়ে ইতিহাদে দল সাজান পেপ গার্দিওলা। সেই ডকুর ক্রসেই ১১ মিনিটে রদ্রির গোলে এগিয়ে যায় সিটিজেনরা। ৯ মিনিট পরই জন দুরান ভিলাকে সমতায় ফেরান। প্রথমার্ধে যোগ করা সময়ে গোলের দেখা পান ফিল ফোডেন। দুর্দান্ত এক ফ্রি কিক শট থেকে তিনি ভিলার জালে জড়ান বল। ৬২ মিনিটে রদ্রি ভিলার ডিফেন্সকে কাটিয়ে ফোডেনের পায়ে বল দেন। গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। ৬৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইংলিশ এই ফরোয়ার্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে সিটির হয়ে ফোডেনের গোল হলো ২১টি (লিগ ১৪)। ম্যাচ শেষে ফোডেন বলেছেন, ‘আমি এখন আমার ফুটবলকে ভালোবাসি। আমি শুধু দলকে সাহায্য করার চেষ্টা করছি। কারণ জানি আমি গোল করতে পারি। আমি মনে করি আজ তা প্রমাণ করতে পেরেছি। তাই আমি আনন্দিত।’

মিডফিল্ডার রদ্রি বলেন, ‘অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারানো সহজ ছিল না কিন্তু আমরা তা করেছি। আমরা জানতাম যে আমাদের হোমওয়ার্ক করতে হবে। আমরা এটা করেছি এবং এখন আমরা পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি।’

অন্যদিকে এমিরেটসে আর্সেনালের হয়ে গোলের শুরুটা করেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ম্যাচের ২৪ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। ৪৪ মিনিটে আত্মঘাতী গোল করেন দাইকি হাসিওকা। এই ম্যাচে আর্সেনাল কোচ আর্তেতা রাইস, জর্জিনহো, মার্তিনেল্লিকে বদলি হিসেবে খেলান। ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘আমি খুশি। এটি কঠিন একটি ম্যাচ ছিল। লুটন ভালো দল আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তোলে। প্রথমার্ধে দুই গোল হলেও, দ্বিতীয়ার্ধে আমরা সঠিক ছন্দে ছিলাম না।’

৩০ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট আর্সেনালের। ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৭। গতকাল রাতে লিভারপুলের খেলা ছিল শেফিল্ডের বিপক্ষে। সেই ম্যাচে যদি লিভারপুল জয় পেয়ে থাকে তবে তারা ৭০ পয়েন্টে শীর্ষে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত