ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি বাংলাদেশ শান্তি পরিষদের 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পিএম

ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু সভাপতিত্বে সূচনা বক্তব্য উত্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান তারিক চৌধুরী।

সংবাদ সম্মেলনে আলোচনা করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রাশেদ খান মেনন, অধ্যাপিকা মাহফুজা খানম, সাবেক এমপি শিরীন আখতার, অ্যাডভোকেট এস এম এ সবুর, শরীফ নুরুল আম্বিয়া, ডা. শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, অধ্যাপক এম এম আকাশ, অ্যাম্বাসেডর মমতাজ হোসেন, রুহিন হোসেন প্রিন্স, ইসমাইল হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্যালেস্টাইনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার নিন্দা জানানোর ভাষা নেই। এই অবস্থায় বিশ্ব শান্তি আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ শান্তি পরিষদ। নীরব বসে থাকতে পারে না। বাংলাদেশ শান্তি পরিষদ প্যালেস্টাইন সঙ্কটের সমাধানের জন্য যুগ যুগ ধরে রাজপথে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার রয়েছে। একইসাথে প্যালেস্টাইনের বীর জনতার প্রতি সংহতি জারি রেখেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর এই হামলা এই মুহূর্তে বন্ধের কোনো বিকল্প নেই। তাই আজ গাজা, পশ্চিম দতীরসহ প্যালেস্টাইনের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর পরিচালিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশসহ সারা বিশ্বে লাখো জনতা রাজপথ উত্তাপ করেছে। তারপরও আন্তর্জাতিক আদালতের রায় এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরায়েল তাদের এই বর্বর হামলা চালিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, গণহত্যার দায়ে অবিলম্বে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। একইসাথে জেরুজালেমকে স্বাধীন অসাম্প্রদায়িক প্যালেস্টাইন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ খুঁজতে হবে। ইসরায়েল ও তার প্রভাবশালী সহযোগীদের উচিত বিশ্ব জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যালেস্টাইনের জনগণের নায্য দাবি মেনে নেওয়া। বাংলাদেশ শাস্তি পরিষদ প্যালেস্টাইনের পক্ষে সংহতি আরো জোরদার করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত