ব্রাজিল পররাষ্ট্রমন্ত্রী দুদিনের সফরে ঢাকা আসছেন আজ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:২৫ এএম

দুদিনের সফরে আজ রবিবার ঢাকা আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা। তার এ সফরে চারটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া আজ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ জন ব্যবসায়ীর একটি প্রতিনিধিদল আসবে এবং তারা বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে বৈঠক করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে সরকারের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে সরকার এরই মধ্যে সম্পর্ক আরও গভীর করার কথা ভাবছে। বিশেষ করে ক্রমবর্ধমান জ¦ালানি চাহিদা এবং বৈশ্বিক বাজারে জ¦ালানি পণ্যের দাম বাড়া-কমার কারণে সাশ্রয়ী বায়োফুয়েলের বিষয়টিও ভাবা হচ্ছে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে দেশটির কাছে বাংলাদেশ এবার বায়োফুয়েল বা ইথানল সরবরাহে সহযোগিতা চাইতে পারে।

জানা গেছে, ব্রাজিল থেকে গুরুত্বপূর্ণ চারটি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ। সেগুলো হচ্ছে সয়া, সয়াবিন তেল, তুলা ও চিনি। এর পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার। অন্যদিকে রপ্তানি করা হয় প্রধানত তৈরি পোশাক এবং এর পরিমাণ ২০ কোটি ডলারের মতো। তবে ব্রাজিল থেকে প্রায় ৫০ কোটি ডলারের তুলা আমদানি করলেও ওই বাজারে বাংলাদেশ কোনো শুল্কমুক্ত সুবিধা পায় না। প্রকৃতপক্ষে বাংলাদেশকে ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক দিতে হয়। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে এ বিষয়ে আলোচনা হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্রাজিলও বেশ কিছু বিষয়ে আলোচনায় আগ্রহী। বাংলাদেশে ৪ থেকে ৫ ডলারের মধ্যে হালাল গরুর মাংস সরবরাহ করার প্রস্তাব করেছে তারা। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে ব্যবসায়ী দল আসবে তাদের মধ্যে কয়েকজন গরুর মাংস রপ্তানিকারকও আছেন। ফলে এ বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত