নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি গণমাধ্যমের স্টিকার লাগানো গাড়ি দিয়ে মাদক পাচার করার সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে দুই কেজি গাঁজা। জব্দ করা হয়েছে গাড়িটি।
আজ সোমবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল হাসান। তার আগে গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় জালকুড়ি সীমা ডাইং এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, গোপালগঞ্জ জেলা সদরের সুলতানশাহী এলাকার তাজমুল মোল্লা (৩৫) ও নরসিংদী জেলার পলাশ থানার সুলতানপুর গ্রামের সাজ্জাদ হোসেন (২৮)। তাজমুল মোল্লা সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সীমা ডাইং সংলগ্ন আয়ূব আলীর বাড়ির ভাড়াটিয়া আর সাজ্জাদ একই এলাকার সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, এক্স নোহা (ঢাকা মেট্রো—চ ৫১—৬১২৫) গাড়িতে সিএনএন বাংলা টিভি (অনুমোদনহীন) ও দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার স্টিকার লাগিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক পাচার করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে একটি ব্যাগ ভর্তি দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
