পার্পল ক্যাপ আবার মোস্তাফিজের মাথায়

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০২:০৩ এএম

জরুরি কাজে দেশে ফেরায় চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচ খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। এর মধ্যে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় মোস্তাফিজকে ছাড়িয়ে যান রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল।

গতকাল ভারত পৌঁছে আজ চেন্নাইয়ের একাদশে ফিরেই উইকেট শিকারে শীর্ষ স্থান পুনরুদ্ধার করেন মোস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে ৪ ওভারে ২২ রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন ২টি উইকেট। ৪ ম্যাচে খেলে ৯ উইকেট নিয়ে আসরে সর্বোচ্চ উইকেটশিকারির আসনটি পুনরুদ্ধার করেছেন তিনি।

পুনরায় কীর্তিটি দখল নেওয়ার পর ইনিংসের বিরতিতে টাইগার পেসারকে পার্পল ক্যাপ তুলে দেন কলকাতা ইনিংসের সেরা বোলার জাদেজা।

এসময় তিনি ফিজকে নিয়ে বলেন, ‘এ উইকেটে সে (মোস্তাফিজ) খুবই কার্যকরী। সে খুব ভালো স্লো বল করেছে, আমার মনে করি সে দুর্দান্ত করেছে।’

তবে শিশিরের কারণে পিচ থেকে কলকাতার ব্যাটারদের সুবিধা পাওয়ার কথাও জানান জাদেজা, ‘যখন শিশির জমতে শুরু করে, পিচের আচরণ বদলে যায়। তবে ব্যাটিংয়ের জন্য এটি সুবিধা করে দেয়। কিছুটা স্লো টার্ন ছিল, যদিও সেটাকে র‍্যাঙ্ক টার্নার বলা চলে না। বল ঠিকভাবে ব্যাটে যাচ্ছিল না, তাই স্টাম্প টার্গেট করে বোলিং করতে থাকি। এখন স্বাভাবিকভাবে খেললে আশা করি সহজেই আমরা ম্যাচটি জিতব।’

হাতের নাগালে থাকা ১৩৮ রানের টার্গেট তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিক চেন্নাইকে। রুতুরাজ গায়কোয়াড়ের দারুণ ফিফটিতে ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

৫ ম্যাচে এটা তৃতীয় জয় চেন্নাইয়ের। অন্যদিকে চার ম্যাচে প্রথম হার কলকাতার। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত