হারের পর ১২ লাখ রুপি জরিমানা স্যামসনের

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০১:১২ এএম

মৌসুমের প্রথম ম্যাচ হারের দিনে নতুন করে আবার জরিমানাও গুনতে হলো রাজস্থান রয়্যালসের অধিনায়ককে। ম্যাচে স্লো ওভাররেটের জন্য সনজু স্যামসনকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়।

গুজরাট টাইটানসের বিপক্ষে এই ম্যাচে নির্ধারিত সময় শেষে খেলা গড়ানোয় রাজস্থান রয়্যালস অধিনায়ককে জরিমানা করা হয়েছে। আইপিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আইপিএলের ন্যূনতম ওভার রেট সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি তার দলের প্রথম অপরাধ হওয়ায় স্যামসনকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।'

এদিন জয়পুরে নিজেদের মাঠে নাটকীয় এক হারের সাক্ষী হতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। টস হেরে আগে ব্যাট করে ১৯৬ রান সংগ্রহ করেছিল রাজস্থান রয়্যালস। ৩ চার ও ৫ ছয়ে ৪৮ বলে দলীয় সর্বোচ্চ ৭৬ রান করেন রিয়ান পরাগ। স্যামসন ৭ চার ও ২ ছয়ে ৩৮ বলে করেন অপরাজিত ৬৮ রান।

রাজস্থান বোলিংয়েও পায় ভালো শুরু। তবে গুজরাট অধিনায়ক শুভমান গিলের ফিফটিতে ম্যাচে টিকে থাকে তারা। শেষ দিকে রাহুল তেওয়াতিয়া, রশিদ খানদের ঝড়ো ইনিংসে ম্যাচে জয় তুলে নেয় গুজরাট। রশিদ খান ১১ বলে ২৪ রানে অপরাজিত থাকে। ইনিংসের শেষ বলে চার মেরে গুজরাটকে ৩ উইকেটের জয় এনে দেন এই আফগান তারকা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত