হত্যার হুমকি নিয়ে ডি মারিয়া, এখন সবকিছুই শান্ত

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ পিএম

রোজারিওতে ফিরলে পরিবারের কাউকে হত্যা করা হবে—গত মাসে এমন একটা হুমকি পেয়েছিলেন আনহেল ডি মারিয়া। এরপর স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন এই উইঙ্গারের মানসিক অবস্থা খুব একটা ভালো থাকার কথা নয়। 

কিন্তু সেই মানসিক অবস্থা নিয়েই তিনি আর্জেন্টিনার হয়ে খেলেছেন, গোল করেছেন, দলকে জিতিয়েছেন। খেলে যাচ্ছেন ক্লাব বেনফিকার হয়েও। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার ডি মারিয়া গোলও পেয়েছেন। মার্শেইয়ের বিপক্ষে প্রথম লেগটা বেনফিকাও জিতেছে ২-১ গোলে। 

ম্যাচের পরই তার কাছে জানতে চাওয়া হয়, এখন মানসিক অবস্থা কেমন? আর্জেন্টাইন ফরোয়ার্ড অবশ্য বলেছেন, ‘আমি ভালো আছি, আমি শান্ত। একটা কঠিন সময় গেছে, একটা বড় সমস্যা। কিন্তু এখন সবকিছুই শান্ত।’

দুশ্চিন্তা কেটে যাওয়ার একটা কারণ হতে পারে, হুমকিদাতারা আটক হওয়া। সপ্তাহ দুয়েক আগে ডি মারিয়ার পরিবারকে হুমকি দেওয়া তিন মাদক সন্ত্রাসীকে আটক করে রোজারিও পুলিশ। আর্জেন্টিনার এই শহর এমনিতেই মাদক সন্ত্রাসীদের আখড়া। অপরাধপ্রবণতাও বেশি। তবে রোজারিও পুলিশ ধারণা করছে, আপাতত ডি মারিয়া ও তাঁর পরিবার হুমকিজনিত কোনো শঙ্কার মধ্যে নেই।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত