পহেলা বৈশাখের দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতিও অব্যাহত থাকতে পারে।
আজ শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ নীলফামারী ও নেত্রকোনা জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, চৈত্র মাসের শেষ দিনে আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙামাটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বান্দরবানে ৩৯.২, সীতাকুণ্ডে ৩৯.০, খেপুপাড়ায় ৩৮.৬, ঈশ্বরদীতে ৩৮.৫, চুয়াডাঙ্গায় ৩৮.৪, কক্সবাজার ও কুমারখালীতে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
