যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে অস্ত্র ও গোলাবারুদসহ পাহাড়ের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের ৯ সদস্যকে ৯টি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
এর আগে অভিযান চালিয়ে কেএনএফের ৬৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে সংগঠনটির মোট গ্রেপ্তার সদস্যের সংখ্যা দাঁড়াল ৭২ জন।
গত ২ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে প্রথমে জেলার রুমায় সোনালী ব্যাংকের শাখায় হানা দেয় অস্ত্রধারীরা। ওই হামলায় কেএনএফের শতাধিক সদস্য অংশ নেয় বলে ধারণা করা হচ্ছে। সেদিন অস্ত্রধারীরা পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে নিয়ে যায়। এ ছাড়া ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে সেখান থেকে অপহরণের ৪৮ ঘণ্টা পর রুমা সদরে ছেড়ে দেয় অস্ত্রধারীরা। এর পরদিন জেলার সোনালী ও কৃষি ব্যাংকের থানচি উপজেলার দুটি শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে অস্ত্রধারীরা। এই দুটি ঘটনায়ও কেএনএফ সদস্যরা জড়িত বলে ধারণা করা হয়।
এর পর থেকেই পার্বত্য অঞ্চলে অভিযান শুরু করে যৌথবাহিনী। অভিযানের মধ্যে গত ৭ এপ্রিল কেএনএফের অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমকে বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার করার তথ্য জানায় র্যাব।
