চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। খেলবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে টাইগারদের দল ঘোষণার আগে হবে ফিটনেস টেস্ট। আগামী শনিবার অনুষ্ঠিতব্য সেই টেস্টে অংশ নেবেন ৪০ ক্রিকেটার।
বিসিবির নির্বাচক হান্নান সরকার দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্রিকেটাররা দিবেন ইয়ো ইয়ো টেস্ট। এছাড়া ক্রিকেটারদের দৌড়াতে হবে অ্যাথলেটিকস ট্র্যাকে, থাকছে আরও নানা ধরনের ফিটনেস পরীক্ষা। ভেন্যু চূড়ান্ত না হলেও জানা গেছে মিরপুর শের-ই বাংলার ইনডোরে শনিবার সকাল থেকেই শুরু হতে পারে এই ফিটনেস টেস্ট।
এদিকে অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে ২২ এপ্রিল বাংলাদেশে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রধান কোচ ফেরার পর নির্বাচক প্যানেলের সঙ্গে বৈঠক করেই তবে ঘোষণা হবে জিম্বাবুয়ে সিরিজের দল। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়তে পারেন কয়েকজন ক্রিকেটার। সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিনও ফিরতে যাচ্ছেন আসন্ন এই সিরিজ দিয়ে।
২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম তিন ম্যাচ। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।
