সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দেশটিতে আকাশপথে ভ্রমণ ব্যাহত হয়েছে এবং মরুভূমির দেশটি জুড়ে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এ কারণে এখন পর্যন্ত ঢাকা থেকে দুবাই ও শারজাহ রুটের নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে ১৭ এপ্রিল থেকে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনের পাঁচটি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইনের দুটি ও ফ্লাই দুবাইয়ের দুটি ফ্লাইট বাতিল হয়েছে।
জানা গেছে, বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইয়ে গত মঙ্গলবার থেকে ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। মূলত ঝড়ো হাওয়ার কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামায় বিঘœ ঘটে। এ অবস্থায় একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা শিডিউল পরিবর্তন করা হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুবাইয়ে এমিরেটসের ফ্লাইট সূচিতে। দুবাই থেকে বিশ্বের প্রায় সব বড় শহরেই ফ্লাইট রয়েছে সংস্থাটির। এ ছাড়া কাতার এয়ারওয়েজের ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে।
দেশটির গণমাধ্যমগুলো বলছে, সাধারণত শুষ্ক জলবায়ু এবং গরমের জন্য পরিচিত দুবাই শহর গত মঙ্গলবার ভারী বর্ষণের পর সব ধরনের কার্যক্রম ব্যাহত হয়েছে। বৃষ্টিপাতের কারণে সমগ্র আরব আমিরাতই বিপর্যস্ত হয়ে পড়েছে।
