দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টার পূর্ববর্তী) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ওই ব্যক্তি বরিশালের বাসিন্দা। তার বয়স ৭১ থেকে ৭৫ বছরের মধ্যে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হলো।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩ জন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ২৪ জনের মধ্যে পুরুষ ১১ জন ও ১৩ জন নারী। চলতি বছরের জানুয়ারি মাসে ১৪ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। ফেব্রুয়ারিতে তিন এবং মার্চে পাঁচজনের মৃত্যু হয়। চলমান এপ্রিল মাসে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৯৩৯ জন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ২১২ জন ও নারী ৭২৭ জন।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট এক হাজার ৮১৯ জন ছাড়পত্র পেয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
রাতে ১ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট
ছুটির পরও পরীক্ষায় বসছেন না বুয়েট শিক্ষার্থীরা