ওয়েবে জুটি বাঁধছেন তাহসান-মিথিলা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৬ এএম

একসময়ের তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা এখন দুই মেরুর বাসিন্দা! বিচ্ছেদের পর দুজনকে আর কখনোই একসঙ্গে দেখা যায়নি। মাঝে শুধু একটি ই-কমার্স সাইটের লাইভে এসেছিলেন তাহসান-মিথিলা।

নতুন খবর হচ্ছে, আবার তারা একসঙ্গে হচ্ছেন! তবে সেটি বাস্তব জীবনে নয়, পর্দায়। একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তাহসান-মিথিলা। সাত পর্বের এই সিরিজটির নাম ‘বাজি’। নির্মাণ করছেন ‘মাটির প্রজার দেশ’খ্যাত নির্মাতা আরিফুর রহমান। তবে এসব নিয়ে নির্মাতা, অভিনয়শিল্পী কেউই মুখ খোলেননি। সময়মতো বিস্তারিত জানাবেন বলেই জানিয়েছেন তারা।

জানা গেছে, ওয়েব সিরিজটির কিছু ধাপের শুটিং হয়ে গেছে। একটি ফোরস্টার মানের হোটেলে মাস দু-এক আগে হয়েছে শুটিং। তাহসান মিথিলা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী। সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে।

তাহসান-মিথিলার ‘বাজি’ নির্মাণ করা হচ্ছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য। এ বছরই মুক্তি পেতে পারে সিরিজটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত