নতুন দুই সিনেমায় মেহ্জাবীন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:২৭ এএম

ক্যারিয়ারের চৌদ্দ বছরে এসে সিনেমায় নাম লিখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরী। ‘সাবা’ শিরোনামে এই সিনেমাটির শুটিং শেষ করেছেন গেল বছরের শুরুর দিকে, মুক্তি পেতে পারে চলতি বছরের শেষাংশে। তবে প্রথম সিনেমা মুক্তির আগেই এলো তার দ্বিতীয় সিনেমার খবর।

নতুন এই সিনেমার নাম ‘প্রিয় মালতী’। বড় পর্দায় মুক্তির লক্ষ্যে এটি পরিচালনা করছেন শঙ্খ দাশগুপ্ত। তবে সিনেমাটি নিয়ে এখনই কেউ মুখ খুলতে চাইছেন না। আজ মেহ্জাবীনের জন্মদিন উপলক্ষে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেবেন বলে জানা গেছে।

নারীপ্রধান গল্পের এই সিনেমায় মেহ্জাবীনের বিপরীতে কোনো নায়ক নেই। তিনিই মুখ্য চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি প্রযোজনা করছেন রানআউট ফিল্মসের কর্ণধার আদনান আল রাজীব। সহ-প্রযোজনায় রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

অন্যদিকে, শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’-এর ‘ফরগেট মি নট’ ওয়েব ফিল্মে দেখা যাবে মেহ্জাবীনকে। যেটির শুটিং গত বছরই শেষ হয়েছে। রবিউল আলম রবি পরিচালিত এই ফিল্মে মেহ্জাবীনের বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এটি আসছে ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে।

মেহ্জাবীনের প্রথম সিনেমা ‘সাবা’ পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন মেহ্জাবীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত