দেশে এক মাস পর করোনায় ও চার দিন পর ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সত্তরোর্ধ্ব বছর বয়সী একজন পুরুষ রোগী মারা যান। এর আগে করোনায় একজনের মৃত্যু হয়েছিল ১৯ মার্চ। এ মাসে করোনায় এটাই প্রথম মৃত্যু।
এ সময় ডেঙ্গুতে বরিশাল বিভাগে সত্তরোর্ধ্ব বয়সী একজন নারী রোগী মারা গেছেন। এর আগে গত ১৩ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এ মাসে ডেঙ্গুতে দুজন মারা গেল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৮৬টি নমুনা পরীক্ষা করে ১৬ করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।
এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ছয়জন ও ঢাকা বিভাগের নরসিংদী জেলায় একজন ভর্তি হয়েছে। বাকিদের মধ্যে ১৩ জন চট্টগ্রাম বিভাগে ও একজন করে বরিশাল, খুলনা ও রংপুর বিভাগে ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসে রোগীর সংখ্যা দাঁড়াল ২৩৪ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৩৯ জন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ২১২ ও নারী ৭২৭ জন। মারা গেছে ২৪ জন। তাদের মধ্যে ১৩ জন নারী ও ১১ জন পুরুষ।
