গাজীপুরে ইসি আলমগীর

উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ৮০ ভাগ থাকবে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৭ এএম

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনে প্রার্থীরাই কেন্দ্রে ভোটার নিয়ে আসার ব্যাপারে বড় ভূমিকা পালন করে থাকেন। বিগত দিনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতির সংখ্যা বেশি ছিল। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির সংখ্যা শতকরা ৮০ ভাগ থাকবে বলে আমাদের ধারণা।

গতকাল বৃহস্পতিবার আসন্ন যষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, গাজীপুর সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ওই দুটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনেও তারাই দায়িত্ব পালন করবেন। তাদের অভিজ্ঞতার আলোকে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। নির্বাচন কমিশন থেকে এর জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত