১৫ বলে দ্রুততম ফিফটির কীর্তি ফ্রেজার-ম্যাকগার্কের

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১২:২৩ পিএম

আইপিএলে অভিষেক ম্যাচেই ফিফটি করে আলোচনায় উঠে এসেছিলেন ২৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়া অস্ট্রেলিয়ার তরুণ হার্ডহিটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। গত রাতে হায়দরাবাদের বিপক্ষে ১৫ বলে ফিফটি হাঁকিয়ে আবার নিজেকে প্রমাণ করলেন এ প্রতিভা।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শনিবার দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৬৭ রান তাড়ায় মোটে ১৫ বলে ফিফটি করেন তিনি। এবারের আইপিএলে এটিই দ্রুততম ফিফটি। একই রাতে ট্রাভিস হেড ফিফটি করেন ১৬ বলে।

দিল্লির হয়েও দ্রুততম ফিফটির রেকর্ড এখন ফ্রেজার-ম্যাকগার্কের। ২০১৬ আসরে ক্রিস মরিসের ১৭ বলে ফিফটি ছিল দলটির আগের রেকর্ড। এর চেয়ে কম বলে আইপিএলে ফিফটি আছে আর কেবল তিন জনের।

গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএল ইতিহাসে রেকর্ড ১৩ বলে ফিফটি করেন যশস্বী জয়সওয়াল। ২০২২ আসরে কলকাতার হয়ে প্যাট কামিন্স ১৪ বলে পঞ্চাশ স্পর্শ করেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ২০১৮ আসরে পাঞ্জাব কিংসের হয়ে লোকেশ রাহুল সমান বলে ফিফটি করেছিলেন দিল্লির বিপক্ষে।

ফ্রেজার-ম্যাকগার্ক ছাড়া ১৫ বলে ফিফটি আছে আরও তিন জনের- ইউসুফ পাঠান, নিকোলাস পুরান, সুনিল নারিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত