ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গলায় ফাঁস দিয়ে মুন্নী আক্তার (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রবিবার (২১এপ্রিল) রাত ৮টার দিকেউপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুন্নী উপজেলার বুধন্তী গ্রামের জাপান প্রবাসী তানভীরের স্ত্রী ও একই ইউনিয়নের কেনা গ্রামের অলি মিয়ার মেয়ে। রাতেই শ্বশুরবাড়ির বসত ঘরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় দেড় মাস পূর্বে উপজেলার কেনা গ্রামের অলি মিয়ার মেয়ের সাথে বুধন্তী গ্রামের জাপান প্রবাসী তানভীরের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর স্বামী বিদেশ চলে যায়। তবে কেন গৃহবধূ আত্মহত্যা করেছে তা নিয়ে ধুম্রজাল দেখা দিয়েছে।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ জানান, প্রায় দের মাস আগে কেনা গ্রামের মুন্নীর সাথে জাপান প্রবাসী তানভীরের বিয়ে হয়। সন্ধ্যায় সে স্বামীর ঘরের সিলিং ফ্যানে ফাঁস দিয়েছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
