এফ এ কাপের ফাইনালে ফের ম্যানচেস্টার ডার্বি

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২:৪১ এএম

নির্ধারিত সময়ের খেলা শেষ। খেলা চলছিল তখন ইনজুরি টাইমে। এমন সময় ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সের ভুলে পেনাল্টি পেয়ে যায় কভেন্ট্রি। ততক্ষণে এক গোলে পিছিয়ে তারা। সুযোগটা পেয়েই কাজে লাগান স্ট্রাইকার হাজি রাইট। তার গোলে সমতায় ফিরে আসে দলটি জমিয়ে তুলে এফএ কাপের সেমিফাইনাল ম্যাচটি।

অথচ খেলার ৭০ মিনিট অবধি ৩-০ গোলে এগিয়েই ছিল ম্যানইউ। নিশ্চিত হার চোখ রাঙ্গাচ্ছিল কভেন্ট্রিকে। কিন্তু শেষ ২০ মিনিটের নাটকীয়তা বদলে দেয় ম্যাচের মোড়। তিন গোলে পিছিয়ে থাকা দল মুহূর্তের মধ্যেই ফিরে সমতায়। যেন ম্যানইউয়ের কাছ থেকে জয় ছিনিয়ে নিচ্ছিল তারা। অতিরিক্ত সময়েও ফয়সালা না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষে সেখানেই সহজ ম্যাচ কঠিন করে জিতে নেয় এরিক টেন হাগের শিষ্যরা।

এফ এ কাপের সেমিফাইনালে কভেন্ট্রিকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ম্যানইউ। আগেই ফাইনালে চলে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। তাতে ফাইনালে আরও একবার হতে চলেছে ম্যানচেস্টার ডার্বি। যেভাবে হয়েছিল গত বছর।  

খেলার ২৩ মিনিটে স্কট ম্যাকটোমনি গোল করে এগিয়ে নেন ম্যানইউকে। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি ম্যাগুয়ার। ব্রুনো ফার্নান্দেজের বাড়িয়ে দেওয়া বল সোজা জালে পাঠান ইংলিশ ডিফেন্ডার। 

বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে ব্যবধান আরও বাড়ান ফার্নান্দেজ। এই মিডফিল্ডার অবশ্য একক প্রচেষ্টায় গোল করেন।

ম্যাচের এই পর্যন্ত দেখে যে কেউ ভেবে নিতে পারেন, বড় ব্যবধানের জয় ম্যানইউর। কিন্তু নাটকীয়তা শেষ মূহুর্তের জন্য জমা রেখেছিল কভেন্ট্রি।

৭১ মিনিটে এলিস সিমস প্রথম গোল শোধ করেন। ৮ মিনিট পর কলাম ও'হারে দ্বিতীয় গোলটি শোধ করে গ্যালারি মাতিয়ে তুলেন।আর ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রাইট।

তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই ৩০ মিনিটেও কোনো সুরাহা না হওয়ায় টাইব্রেকারে যায়। সেখানেও শুরুতে আঁতকে উঠেছিলেন ম্যানইউ ভক্তরা। কভেন্ট্রি প্রথম শটে গোল পেলেও ম্যানইউ পায়নি। সেটাও আবার মিস করে বসেন কাসেমিরো। প্রথম দুটিতে গোল পেলেও শেষ দুটিতে পায়নি কভেন্ট্রি। তবে ম্যানইউ পরের চারটি মিস করেনি। তাতে ৪-২ গোলের জয় তুলে ম্যানইউ।

আগামী ২৫ মে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে হবে ম্যানচেস্টার ডার্বি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত