ট্রেনে কাটা পড়ে বাঁ পায়ের আঙুল ছিন্ন আনু মুহাম্মদের

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:০৯ এএম

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। গতকাল রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই শিক্ষকের বাঁ পায়ের সব আঙুল কাটা পড়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, অধ্যাপক আনু মুহাম্মদের বাঁ পায়ের সব আঙুল কাটা পড়েছে। এ ছাড়া ডান পায়ের আঙুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক (মেডিসিন) ডা. মো. হারুন অর রশিদ বলেন, দিনাজপুর গিয়েছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ। বিভিন্ন সময় কয়লাখনির শ্রমিকদের মৃত্যুতে দিনাজপুরে গতকাল (শনিবার) একটি শোকসভা হয়। সেই সভায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। আজ (গতকাল) দিনাজপুরের ফুলবাড়ী থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন তিনি।

অধ্যাপক আনু মুহাম্মদের বাসা খিলগাঁওয়ে। হাসপাতালে তিনি জানান, ট্রেনটি খিলগাঁও রেলগেট এলাকায় পৌঁছালে গতি কমিয়ে দেয়। তখন সেখানে ট্রেন থেকে নামছিলেন। তবে নামার সময় পা ফসকে চাকার নিচে চলে যায়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. বিধান সরকার বলেন, ট্রেনে কাটা পড়ে আহত অধ্যাপক আনু মুহাম্মদের বাঁ পায়ের পাতার টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে। এ ছাড়া ডান পায়ের বৃদ্ধা আঙুলও হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগ, প্লাস্টিক সার্জারি বিভাগ ও ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা বোর্ড গঠন করে তার চিকিৎসা করছেন। তার অবস্থা স্থিতিশীল।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, যতটুকু জানা গেছে, খিলগাঁও রেলগেট এলাকায় একটি ট্রেনের চাকায় অধ্যাপক আনু মুহাম্মদের পায়ের আঙুল কাটা পড়েছে।

মালিবাগে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত : রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওয়াদুদ (৫৮) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আব্দুল ওয়াদুদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। বর্তমানে মালিবাগ পশ্চিম হাজীপাড়ায় থাকেন। নিরাপত্তাকর্মীর চাকরি করতেন।

স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, রাত্রিকালীন ডিউটি শেষে সকালে হেঁটে বাসায় ফিরছিলেন ওই ব্যক্তি। পথে মালিবাগ রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত