ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এই সভা হবে। কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান ইতিমধ্যে সংশ্লিষ্টদের এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এদিন চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত সভায় সব নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ/র্যাব/কোস্ট গার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই, মহাপরিচালক ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকে (এসবি) বরাবর চিঠি পাঠানো হয়েছে।
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল আজ : চার ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ইতিমধ্যে তিন ধাপের তফসিল দিয়েছে ইসি। আজ চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের ৩২তম সভা শেষে এই ঘোষণা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৩টায় এই কমিশন সভা হবে।
জানা গেছে, সভার আলোচ্যসূচিতে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের তফসিলের বিষয়টি রাখা হয়েছে। বৈঠকে কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
