৯ বছর পর ইরানিদের ওমরাহ পালন

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম

দীর্ঘ ৯ বছর পর ইরানের নাগরিকরা ওমরাহ পালন করতে সৌদি আসলেন। গত ২২ এপ্রিল সোমবার তেহরান থেকে পবিত্র মক্কা নগরীর উদ্দেশে যাত্রা করেন ৮৫ জন ইরানি ওমরাহ যাত্রী। তেহরানের বিমানবন্দরে ওমরাহ যাত্রীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আনজি।

ইরানের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, গত ৯ বছরের মধ্যে ইরানি ওমরাহ যাত্রীদের প্রথম দল সোমবার পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছে। গণমাধ্যমে প্রাপ্ত সংবাদ থেকে জনা যায়, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়েছে।

নানা কারণে দীর্ঘদিন দূরে থাকার পর গত বছর মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও সৌদি আরব। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবারও সম্পর্ক নতুন মাত্রা পায়। আর উভয় দেশের সম্পর্কের অগ্রগতির পেছনে মধ্যস্থতাকারী হিসেবে ছিল চীন।      

২০১৬ সালে সৌদি আরব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের দায়ে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। এরপর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়। এতে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তারপর থেকে সুন্নি ও শিয়া নেতৃত্বাধীন এই প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা প্রায়ই জারি ছিল। এই দুই দেশ একে অপরকে নিজের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে।

গত বছর মার্চ মাসে তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম ইরানিরা ওমরাহ পালন করছে। এর আগে ইরানিরা শুধু হজ পালন করতে সৌদি আরব যেতে পারত।

সূত্র : রয়টার্স

×
সর্বশেষ সর্বাধিক পঠিত