৯ মাসে এডিপি বাস্তবায়ন ৪২.৩০ শতাংশ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২:৪৪ এএম

চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪২ দশমিক ৩০ শতাংশ। আর টাকার হিসেবে ব্যয় হয়েছে ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি ৪৫ লাখ টাকা।

অর্থবছরের বাকি আছে আর তিন মাস। এই সময়ের মধ্যে শতাংশের হিসেবে বাস্তবায়ন করতে হবে ৫৭ দশমিক ৭০ শতাংশ। আর টাকার হিসেবে ব্যয় করতে হবে ১ লাখ ৪৬ হাজার ৭৭৯ কোটি ১৯ লাখ টাকা। প্রতিবছরের মতো এবারও শতভাগ এডিপি বাস্তবায়ন হবে না বলে শঙ্কা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া যায়।

বিশ্লেষকরা বলছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে জবাবদিহিতার আওতায় না আনলে শতভাগ এডিপি বাস্তবায়ন কোনো অর্থবছরেই সম্ভব হবে না।

আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরে সবচেয়ে বেশি এডিপি বাস্তবায়ন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির চলতি অর্থবছরে একটি প্রকল্পের আওতায় বরাদ্দ ছিল ৬ কোটি ১৯ লাখ টাকা। ৯ মাসে তারা ব্যয় করেছে ৫ কোটি ৯৯ লাখ টাকা। যা শতাংশের হিসেবে ৯৬.৮৫ শতাংশ।

শতাংশের হিসেবে বাস্তবায়নে পিছিয়ে থাকলেও টাকা খরচে এগিয়ে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। বিভাগটির ২৬৩টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ৪২ হাজার ৯৫৬ কোটি ৭১ লাখ টাকা। অর্থবছরের নয় মাসে ব্যয় হয়েছে ১৯ হাজার ৭৭৩ কোটি ৪৬ লাখ টাকা। যা শতাংশের হিসেবে ৪৬ দশমিক শূন্য ৩ শতাংশ। এ ছাড়া বিদ্যুৎ বিভাগ ৬৩ দশমিক ৮৭ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৪০ দশমিক ১৯ শতাংশ, পানিসম্পদ মন্ত্রণালয় ৩৩ শতাংশ, ভূমি মন্ত্রণালয় ৫০ দশমিক ৯২ শতাংশ, বস্ত্র ওপাট মন্ত্রণালয় ৩৭ দশমিক ১৪ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২১ দশমিক ৭১ শতাংশ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ২৩ শতাংশ, আইএমইডি ৬০ দশমিক ৩৩ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।

এডিপি বাস্তবায়নে সবচেয়ে পিছিয়ে আছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। চলতি অর্থবছরে তাদের বরাদ্দ ছিল ২৪২ কোটি ৬৮ লাখ টাকা। নয় মাসে ব্যয় করেছে ৩৩ কোটি ৭২ লাখ টাকা। যা শতাংশের হিসেবে ১৩ দশমিক ৮৯ শতাংশ।

কৃষি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার ৪৯ দশমিক ৯১ শতাংশ। এ ছাড়া সেতু বিভাগের ৪৬ দশমিক ৬৮ শতাংশ, বাণিজ্য মন্ত্রণালয় ২৪ দশমিক ৪২ শতাংশ। পরিকল্পনা বিভাগ ৩৮ দশমিক ৫৬ শতাংশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ২৪ দশমিক ৪২ শতাংশ, ইআরডির ৭১ দশমিক ৬৭ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত