এসি মিলানকে হারালেই সিরি’আ চ্যাম্পিয়ন হবে ইন্তার মিলান। এমন সমীকরণ সামনে রেখেই সোমবার রাতে মিলানের মুখোমুখি হয়েছিল ইন্তার। সান সিরোয় রোমাঞ্চে ঠাসা ম্যাচটি ২-১ গোলে জিতে ২০তম লিগ শিরোপা নিশ্চিত করেছে ইন্তার মিলান।
ম্যাচের শেষ দিকে তিন লাল কার্ডে বাড়তি উত্তাপ ছড়ায়। তবু ডার্বি জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে সিরি’আ শিরোপা নিজেদের করে নিল সিমোনে ইনজাগির দল। ২০২১ সালে দলটির দায়িত্ব নিয়ে কোচ হিসেবে প্রথম সিরি’আ জয়ের স্বাদ পেলেন সাবেক স্ট্রাইকার ইনজাগি।
ম্যাচের ১৮ মিনিটে কর্নার থেকে পাভার্ডের হেড পাস পেয়ে কাছ থেকে হেডেই ইন্তারকে এগিয়ে নেন ইতালিয়ান ডিফেন্ডার ফ্রান্সেসকো আচের্বি। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম। ৮০ মিনিটে হেডে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলেন এসি মিলানের ফিকায়ো তোমোরি। যোগ করা সময়ের শেষ কয়েক মিনিটে মাঠে উত্তেজনা ছড়ায়। বিতণ্ডায় জড়িয়ে একই সঙ্গে (৯৩ মিনিটে) লাল কার্ড দেখেন এসি মিলানের ডিফেন্ডার থিও হেরনান্দেজ ও ইন্তারের ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস। চার মিনিট পর কনুই মেরে ডিফেন্ডার কালাব্রিয়াও লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় এসি মিলান। তাতে অবশ্য জয় আটকে থাকেনি ইন্তারের।
৩৩ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে ৮৬ পয়েন্ট ইন্তারের। তাদের চেয়ে ১৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান। বাকি থাকা পাঁচ ম্যাচে ১৭ পয়েন্টের ব্যবধান কমানো সম্ভব নয়, ফলে পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা ঘরে তুলল ইন্তার মিলান।
ইন্তার মিলানের হয়ে দ্বিতীয়বার লিগ শিরোপা জিতলেন লাউতারো মার্তিনেজ। তবে অধিনায়ক হিসেবে এই প্রথম লিগ শিরোপা জিতলেন বিশ্বকাপ জয়ী মার্তিনেজ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ম্যাচ শেষে জানালেন তার স্বপ্ন পূরণের কথা। ‘মনে হচ্ছে আমি কাঁদছি কারণ এটা আমার কাছে স্বপ্নের মতো। আমরা অনেক ভুগেছি এবং কঠোর পরিশ্রম করতে হয়েছে শিরোপার জন্য। এই শিরোপা আমি আমার পরিবার, সতীর্থ এবং সমর্থকদের উৎসর্গ করছি।’
গেল গ্রীষ্মের দলবদলে ১২ জন খেলোয়াড় পরিবর্তন করার কথা উল্লেখ করে লাউতারো বলেন, ‘জাপান থেকে (প্রাক-মৌসুম প্রস্তুতি) আমাদের পরিশ্রমের শুরুটা হয়েছিল। আমাদের দলে ১২ জন খেলোয়াড় পরিবর্তন হয়। আমরা ইতিহাস তৈরি করলাম, এই শিরোপা আমাদের প্রাপ্য। এখন আমি শুধুই উদযাপন করতে চাই।’
লিগ শিরোপা জয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মার্তিনেজ। ২৯ ম্যাচে করেছেন ২৩ গোল, অ্যাসিস্ট পাঁচটি। ইন্তার মিলানের সঙ্গে আরও দুই মৌসুম থাকছেন তিনি।
