নানা ঘটনার পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণ ও মারধরের শিকার মো. দেলোয়ার হোসেন ওরফে পাশা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার সভাকক্ষে উপজেলা পরিষদে নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শেষে দেলোয়ার হোসেনকে চেয়ারম্যান ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ।
সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দেলোয়ার ও আরেক প্রার্থী লুৎফুল হাবিব রুবেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। লুৎফুল হাবিব রুবেল সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং সিংড়ার সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক। উপজেলা নির্বাচনে অংশ নিতে তিনি শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। এর মধ্যে ১৫ এপ্রিল বিকেলে নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল লোক। কয়েক ঘণ্টা পর তাকে বাড়ির সামনে ফেলে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ ওঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুল হাবিব রুবেল তাকে অপহরণ ও মারধর করেছেন।
ওই ঘটনায় দেলোয়ারের বড় ভাই মজিবর রহমান বাদী হয়ে মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করার পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হামলার ঘটনার সঙ্গে প্রতিমন্ত্রীর শ্যালক উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলের নাম গণমাধ্যমে উঠে আসে। রুবেলকে নির্বাচন কমিশনে তলব করা হয় এবং উপজেলা আওয়ামী লীগ থেকেও তাকে কারণ দর্শাতে বলা হয়। পরে ১৯ এপ্রিল হাসপাতালে গিয়ে দেলোয়ারকে দেখে এসে দুঃখ প্রকাশ করেন পলক এবং রুবেলকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন।
এরপর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের এক দিন আগেই গত রবিবার চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাঁড়ান রুবেল। তার পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন প্রত্যাহারপত্রটি জমা দেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন। এতে করে সিংড়া উপজেলা পরিষদের শুধু দেলোয়ার হোসেন প্রার্থী থাকায় মঙ্গলবার তাকে বেসরকারিভাবে নির্বাচনের রিটার্ন ‘ঙ ফরম’-এ লিখিতভাবে নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা।
বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন পাশা সিংড়ার কলমের পারসাঐল এলাকার মো. শের আলীর ছেলে।
