রাজধানীর আদাবরে একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে সুনিবিড় হাউজিং এলাকার ৪৩/বি বাসা থেকে নাসিমা আক্তার (২৮) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার হয়। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর তার স্বামী পলাতক বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, নিহত নাসিমা আক্তার পেশায় গৃহকর্মী ছিলেন। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন এবং তার স্বামী পেশায় রিকশাচালক। নিহত নাসিমার সঙ্গে প্রায়ই তার স্বামীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। গতকাল দুপুরেও বাসায় স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে বিকেলের দিকে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন এসে নাসিমার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমাকে মৃত ঘোষণা করেন।
আদাবর থানার ওসি মাহবুব আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিকভাবে ধারণা করছি, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’
