আইপিএল: শেষ বলে ছক্কা মারতে পারলে না রশিদ খান

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০১:০২ এএম

আগের দিন চিপকে মোস্তাফিজুর রহমান শেষ ওভারে ১৭ রান আগলে রাখতে পারেননি। মার্কাস স্টয়নিস ছিনিয়ে নেন ম্যাচ। বুধবার দিল্লিতে মুকেশ কুমার শেষ ১৯ রান রক্ষা করে আইপিএলে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন স্বাগতিকদের। 

২২৫ রান তাড়ায় সাই সুদর্শন ও ডেভিড মিলার ফিফটি করে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন গুজরাট টাইট্যান্সকে। ১৮তম ওভারে মুকেশ কুমার ২৩ বলে ৫৫ রান করা ডেঞ্জারম্যান মিলারকে আউট করে দেয়ার পর গুজরাটের সামনে সমীকরণ দাড়ায় ১৫ বলে ৪৪। ১৯তম ওভারে রাশিখ সালাম ১৯ রান দিলেও শেষ বলে আউট করেন সাই কিশোরকে। অনেকেই ভেবেছিলেন ম্যাচ বুঝি শেষ হয়ে গেছে। কিন্তু রাশিদ খান ভেবেছিলেন ভিন্ন কিছু। শেষ ওভারের প্রথম ৫ বলে দুই চার ও এক ছক্কায় ১৪ রান তুলে নেন রশিদ খান। শেষ বলে ছক্কা মারলেই জয়। অভিজ্ঞ মুকেশ কুমারের ফুলটসটা ছক্কায় ওড়াতে পারেননি রশিদ (১১ বলে ২১ অপরাজিত)। ২২০ রানেই আটকে গেছে গুজরাট। ৪ রানের জয়ে গুজরাটকে টপকে ছয়ে উঠে এসেছে এ ম্যাচের আগে আটে থাকা দিল্লি।

এর এগে ঋষভ পান্তের ৪৩ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে অক্ষর প্যাটেলের ৪৩ বলে ৬৬ ও ট্রিস্টান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামিওতে দিল্লি তোলে ২২৪ রান। টসে হেরে ব্যাটিংয়ে নামা দিল্লি পাওয়ারপ্লেতে জেক ফ্রেজার-ম্যাগার্ক, পৃথ্বি শ ও শেই হোপকে হারিয়ে চাপে পড়েছিল। সেখান থেকে তাদের টানে পন্ত ও তিনে নামা অক্ষরের ৬৮ বলে ১১৩ রানের জুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত