ডিকাব টকে রাষ্ট্রদূত

কঠিন হলেও ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৮ এএম

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা কঠিন ও জটিল হলেও অসম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ‘ব্রাজিল গরুর মাংস রপ্তানি করে থাকে। বাংলাদেশের সঙ্গে একটি ভালো বাণিজ্য হতে পারে। এর মধ্যে দিয়ে উভয়পক্ষই লাভবান হবে। ব্রাজিল থেকে বাংলাদেশের ভৌগোলিক দূরত্ব অনেক বেশি। তবে সেখান থেকে জীবন্ত গরু আনা কঠিন ও জটিল হলেও সম্ভব।’

এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ব্রাজিলকে জীবন্ত গরু আমদানির প্রস্তাব দেওয়া হয়। তবে ব্রাজিল গরুর মাংস দিতে আগ্রহ প্রকাশ করেছে। গত ৭-৮ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার ঢাকা সফরেও এ নিয়ে আলোচনা হয়।

ডিকাব টকে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ‘ব্রাজিল ভ্রমণে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ থেকে প্রতি মাসে ২৫০-৩০০ ভিসার আবেদন হয়ে থাকে। তবে আমরা প্রতি মাসে ১০০টি ভিসা ইস্যু করতে পারি। সেজন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার উদ্যোগ নিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যেই আমরা একটি ভিসা সেন্টার খুলতে পারব বলে আশা করছি।’

পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আরও বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী জুলাইতে ব্রাজিলে দ্বিপক্ষীয় সফরে যাবেন বলে আমরা আশা করছি। আমরা এ সফর নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

ব্রাজিল বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘তবে এটা শুধু বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে কারিগরি সহযোগিতা থাকবে। এটা হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়বে।’

ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের মধ্যে ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য বিদ্যমান। আমরা বাণিজ্য ভারসাম্য ও বৈচিত্র্য আনতে চাই।’ তিনি আরও বলেন, ব্রাজিলের বাজারে বাংলাদেশের পোশাক পণ্যে শুল্ক বেশি দিতে হয়। এ শুল্ক কীভাবে কমানো যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। তবে কাজটি খুব সহজ নয়। এটা ধাপে ধাপে হবে বলে আশা করি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত