বিতর্কের পর টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য পেল জিআই স্বীকৃতি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৩ এএম

টাঙ্গাইল শাড়িসহ দেশের ১৪টি পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি দিয়ে এসব পণ্যের নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডস মার্ক অধিদপ্তর (ডিপিডিটি) আয়োজিত এক অনুষ্ঠানে এসব জিআই পণ্যের সনদ বিতরণ করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ নিয়ে ৩১টি পণ্যের জিআই সনদ বিতরণ হলো।

ভারতের শিল্প মন্ত্রণালয় কিছুদিন আগে ‘বাংলার টাঙ্গাইল শাড়ি’ বা ‘টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল’ নামে একটি শাড়িকে জিআই স্বীকৃতি দেয়। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) কাছ থেকে অনুমোদনও পেয়ে যায় তারা। বিষয়টি বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। টাঙ্গাইল বাংলাদেশের এলাকা এবং টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের নিজস্ব পণ্য হওয়ার পরও ভারত কীভাবে তা নিজেদের পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পায়, সেই প্রশ্ন তোলেন শাড়ির ব্যবসায়ী, আইনজ্ঞ ও অধিকারকর্মীরা।

গতকাল টাঙ্গাইল শাড়ি ছাড়া সনদ পাওয়া ১৩টি পণ্য হলো কুষ্টিয়ার ব্ল্যাক বেঙ্গল ছাগল, কুষ্টিয়ার তিলের খাজা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর আতর, ময়মনসিংহের মুক্তাগাছার মণ্ডা, যশোরে খেজুরের গুড়, নরসিংদীর অমৃত সাগর কলা, রাজশাহীর মিষ্টি পান, গোপালগঞ্জের রসগোল্লা, জামালপুরে নকশিকাঁথা ও মৌলভীবাজারের আগর।

ডিপিডিটির মহাপরিচালক মুনিম হাসান জানান, আরও ৫০০টি পণ্যকে জিআই সনদ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এর আগে গত বছর ৩১ আগস্ট আরও সাতটি পণ্যের জিআই সনদ দেওয়া হয়। পণ্যগুলো হলো রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের শীতলপাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা।

জিআই পাওয়া বাকি পণ্য হলো জামদানি, ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারিভোগ, কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, বাগদা চিংড়ি।

মূলত কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং ওই জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটিকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত