মন্ত্রীর ডিও লেটার বানিয়ে বদলি ঠেকানোর চেষ্টা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৫ এএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্যাডে ভুয়া ডিও লেটার (আধা সরকারি পত্র) দিয়ে নিজের বদলি ঠেকানোর চেষ্টার অভিযোগ উঠেছে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে। তিনি এ-সংক্রান্ত একটি লেটার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। ওই ডিও লেটারে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘স্বাক্ষর’ থাকলেও কোনো স্মারক নম্বর দেওয়া হয়নি।

এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মন্ত্রীর পিএস-১ গৌতম চন্দ্র পাল জানিয়েছেন, এ ধরনের কোনো ডিও লেটার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। অন্যদিকে প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব বলছেন, মন্ত্রীর ডিও লেটার ব্যাপারে তিনি কিছু জানেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০ মার্চ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নোয়াখালী থেকে ফেনী গণপূর্ত বিভাগে বদলি করা হয় সা’দ মোহাম্মদ আন্দালিবকে। এরপর বদলি ঠেকাতে একটি ডিও লেটার তৈরি করে তা গত ৮ এপ্রিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। ১৫ এপ্রিল ডিও লেটারটি ভুয়া বলে প্রকাশ পায়। পরে ওই বদলির প্রজ্ঞাপনটি স্থগিত করা হয়।

গণপূর্ত বিভাগ নোয়াখালী কার্যালয়ে গিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবকে স্ট্যান্ড রিলিজ করে লালমনিরহাটে বদলি করা হয়েছে।

ভুয়া ওই ডিও লেটারে দেখা যায়, ৪ এপ্রিল পাঠানো পত্রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে বদলি-সংক্রান্ত আদেশটি বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার জন্য সহযোগিতা কামনা করেছেন। পত্রে ডিও নম্বর ৩৫.০০.০০০০.০০১. ৯৯.০০২.২৪-৯৭ উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো স্মারক নম্বর উল্লেখ করা হয়নি।

পত্রে আরও দেখা যায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ৮ এপ্রিল তারিখ উল্লেখ করে স্বাক্ষর রয়েছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রধান প্রকৌশলীর পদবি উল্লেখ করে জরুরি লিখে ওই পত্রে স্বাক্ষর করেছেন।

নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব অভিযোগের বিষয়ে গতকাল বলেন, ‘মন্ত্রী মহোদয়ের ব্যাপারে তো আমি জানি না। কোন মন্ত্রী মহোদয়ের ডিও লেটার তাও জানি না। রমজানের সময় একটি অর্ডার হয়েছিল, সেটা আবার মাঝখানে স্ট্যা হয়। পরে আবার আজকে (বৃহস্পতিবার) আরেকটি বদলি-সংক্রান্ত আদেশ হয়েছে। যখন যে আদেশ আসে আমরা সে আদেশ অনুযায়ী চলি। মন্ত্রী মহোদয়ের ডিও লেটার-সংক্রান্ত বিষয়ে আমি জানি না।’

সেতুমন্ত্রীর পিএস-১ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গৌতম চন্দ্র পাল বলেন, ‘বিষয়টি জানার পর আমরা বলেছি এ ধরনের ডিও লেটার কখনোই আমাদের স্যার দেন না। এটা স্যার দেননি। তারপর যখন কপি পেলাম তখন আমরা আরও ভালোভাবে নিশ্চিত হয়ে বললাম এটা আমাদের ডিও লেটার না। ভুয়া একটি ডিও লেটার। এই ধরনের অনৈতিক কর্মকা- কে বা কারা করেছে যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত