পঞ্চগড়ের চাওয়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আলমি আক্তার (১২) ও ইসরাত জাহান সিফাত (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে চাওয়াই নদীর চৈতন্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমি এলাকার আব্দুল আজিজের মেয়ে এবং সিফাত সাইফুল ইসলামের মেয়ে। তারা দুজনে সম্পর্কে ফুপু ভাজিতি। এ ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের চাওয়াই নদীতে গোসল করতে যায় আলমি ও সিফাত। এ সময় সিফাত পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে পানিতে এগিয়ে আসে আলমি। পরে দুজনেই পানিতে ডুবে যায়। এ সময় নদীর পাড়ে থাকা এক শিশু বিষয়টি তাদের পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় পানির নিচ থেকে তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ মৃত দুই শিশুদের মরদেহের সুরতহাল করে।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায় বলেন, দুই শিশুর মধ্যে একজন সাঁতার জানত, আরেকজন জানত না। একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে দুজনেই একসাথে ডুবে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা বলছে। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেনীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
শেরে বাংলা ছিলেন গণমানুষের নেতা, বিচক্ষণ রাজনীতিবিদ: রাষ্ট্রপতি