আমি পর্দায় যেমন বাস্তবে তেমন নই

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:০৫ এএম

সেলিনা সুলতানা, চলচ্চিত্রে রিনা খান নামেই পরিচিত। তার নাম শুনলে চোখের সামনে সাদা মেঘের মতো একজন খলচরিত্র ভেসে ওঠে। এখন পর্যন্ত সাত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এখন অনেকটাই অন্তরালে। কী করছেন, কেমন আছেন তিনি? এসব প্রশ্ন নিয়েই রিনা খানের মুখোমুখি হয়েছেন মাহতাব হোসেন

এখন পর্যন্ত আপনার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা কত?

একদম নির্দিষ্ট করে বলতে পারব না। তবে ৭০০-এর ওপর হবে।

চলচ্চিত্রে রিনা খান একজন নেতিবাচক মানুষ। কিন্তু বাস্তবের রিনা খান কেমন?

বাস্তবে আমি কেমন এটা কীভাবে বলব। নিজেরটা নিজে বলা যায়? তবে চলচ্চিত্রের পর্দায় যে রিনা খানকে দেখা যায়, অন্তত আমি প্রকৃতপক্ষে তেমন নই। একজন মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। মানুষ রক্তে-মাংসে গড়া। ভুলত্রুটি, রাগ-অভিমান এসব থাকবে। আমিও তো মানুষ। আমারও সংসার আছে। কেউ যদি আমার সঙ্গে অন্যায় করে, তার কাজ যদি আমার পছন্দ না হয়, তাহলে তাকে আমি তো বলব।

এখন কোন কোন চলচ্চিত্রে কাজ করছেন। চলচ্চিত্রের কাজ কি কমে গেছে?

এখন চলচ্চিত্রের কাজ আসলেই কমে গেছে। চলচ্চিত্র নির্মাণই হচ্ছে কম। চলচ্চিত্র নির্মাণ হলে আমাদের ডাক পড়ে। তবে এখন নাটকের দিকে একটু মনোযোগ দিয়েছি। হাতে এখন নাটকের কাজ, নাটকের অভিনয়েই বেশিরভাগ সময় যাচ্ছে।

ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে কি না?

এখন ওটিটির কাজ হচ্ছে শুনেছি। অনেকগুলো কাজও আমি দেখেছি। কিন্তু এখানে কাজ করা হয়ে ওঠেনি। অনেক ভালো ভালো ওয়েব ফিল্ম আমি দেখেছি। আমার নিজেরও এসবে কাজ করতে ইচ্ছে হয়েছে। অভিনয়ের মানুষ, আমরা তো সব মাধ্যমেই কাজ করব। এখানে কীভাবে কাজ করতে হয়? আমাদের তো ডাকে না। নাকি আমাদেরই যোগাযোগ করতে হবে? ছবি হোক ফিল্ম হোক সব শিল্পীদের জন্যই তো, সবাইকে নিয়েই কাজ করা উচিত। এখন আমাদের হাতে ছবি নেই, করছি না। কোনো নির্মাতাই তো ডাকল না।

আপনার কী মনে হয়। কেন ওটিটিতে আপনাদের ডাকেনি?

হয়তো আমরা পর্দার মানুষ, এ কারণেই আমাদের নিয়ে ভাবে না। ভাবে আমরা চলচ্চিত্রের মানুষ। আমাদের ইগো বেশি। আমরা সময় নিয়ম মানি না, শিডিউল ফাঁসাব, সময় দেব না এসব ভাবে হয়তো। কারণ এসব তো প্রচলিত হয়ে গেছে। কিন্তু কেউ যদি একবার আমাদের নিয়ে কাজ করে তাহলে ভুল ভাঙবে। বুঝবে। তাদের ভুল ধারণা ভেঙে যাবে।

এখন কিছু চলচ্চিত্র ভালো চলে। আবার অধিকাংশ সিনেমা চলে না। এর কারণ কী বলে মনে হয়?

চলচ্চিত্রের গল্প ভালো হতে হবে, নির্মাণ ভালো হতে হবে। যেমন তেমনভাবে একটা ছবি বানাবে, সেটা চলবে কেন? প্রিয়তমা সিনেমা আমি পরিবার নিয়ে দেখেছি, ভালো লেগেছে।  এবারের ঈদে রাজকুমার মুক্তি পেয়েছে। খুবই ভালো সিনেমা। এমন সিনেমা হলে চলবে, মানুষ দেখতে যাবে।

শাকিব খান ছাড়া তো আপনি আর কারও সিনেমার নাম বললেন না...

শাকিব খান হচ্ছে এই মুহূর্তে অপ্রতিদ্বন্দ্বী। এমন শিল্পী বারবার আসে না, কালে কালে, যুগে যুগে কিছু শিল্পী আসে, জন্ম নেয়। শাকিব খানও সেই রকম। ওর সেই যোগ্যতা আছে। এখন পর্যন্ত ওর বিকল্প নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত