ময়লার গাড়িচাপায় নিহত আইডিয়াল স্কুলের শিক্ষার্থী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৩ এএম

সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় প্রাণ গেল আরও একজনের। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মুগদা এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহত হয় মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ (১৩)। স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার কিছু সময় পর মৃত্যু হয় তার। এ নিয়ে গত তিন বছরে অন্তত ১৩ জনের প্রাণ গেল সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বা চাপায়। সংশ্লিষ্টরা বলছেন, সিটি করপোরেশনের চালকদের অনেকেরই ভারী যানবাহন চালানোর লাইসেন্স নেই। তাদের হাতেই দুর্ঘটনাগুলো ঘটছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এসব দুর্ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

সড়ক দুর্ঘটনায় মাহিন ছাড়াও বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর গে-ারিয়া এলাকায় অজ্ঞাতনামা (৬০) এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল শুক্রবার ও বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন এলাকার সড়কে গেছে আরও নয়জনের প্রাণ।

দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত :

মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীর স্বজনদের বরাতে ঢামেক প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মুগদার মদিনাবাগ বাজার এলাকায় ময়লার গাড়ির ধাক্কায় প্রথমে আহত হয় মাহিন। উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মৃত্যু হয় তার।

মাহিন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাসুম মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে মুগদা মামা-ভাগিনা গলি এলাকায় একটি বাসায় থাকত সে। তিন ভাইবোনের মধ্যে মাহিন মেজো। তার বড় ভাই মাহফুজ আহমেদ জানান, রাতে মাহিন বাসা থেকে বেরিয়ে এক বন্ধুর বাসায় যাচ্ছিল। এ সময় মদিনাবাগ বাজার এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি মুগদা থানা পুলিশ তদন্ত করছে।

এদিকে বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাহিন জানান, সাড়ে ৩টার দিকে তারা দেখতে পান, গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই নারী। তাকে ঘিরে অনেক মানুষ জটলা করে আছে। তখন তিনি গাড়িতে করে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যান। সেখানে নেওয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহিন জানান, আশপাশের কেউই জানাতে পারেনি কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। তার পরিচয়ও কেউ বলতে পারেনি। তবে তার পোশাক-আশাক দেখে তাকে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা হচ্ছে। চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, জেলার সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, গতকাল দুপুরে বাইপাস সড়কে এক যুবক ও বৃহস্পতিবার রাতে আগরদাড়ীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে কদমতলা-বৈকারি সড়কের আগরদাড়ী মাদ্রাসার পশ্চিম পাশে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বৈকারি গ্রামের হাফিজুর রহমান বুলু (৫৮) ও তার ছেলে আজিজুর রহমান (২৭) নিহত হন। ওসি জানান, একই এলাকার বাইপাস সড়কে গতকাল দুপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন রাজন মোহন দাস নামে এক যুবক। তিনি তালা উপজেলার কুমিরা এলাকার প্রভাস মাস্টারের ছেলে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানচাপায় দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, নিহতরা হলেন আবদুস সালাম (৫০) ও ছানোয়ার হোসেন (৪৫)। তাদের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম গ্রামে।

ওসি জানান, গতকাল সকালে মানিকগঞ্জের জাগীর সবজি আড়ত থেকে সবজি ক্রয় করে আবদুস সালাম এবং ছানোয়ার হোসেন নিজ এলাকায় যাচ্ছিলেন। পথে তাদের বহন করা ভ্যানটিকে অজ্ঞাত একটি পিকআপ ভ্যান চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই দুই সবজি বিক্রেতা মারা যান।

দিনাজপুরের হাকিমপুর প্রতিনিধি জানান, উপজেলার হিলিতে গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে হিলি বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেছে, তিনি পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ধীরাজ ঘোষের ছেলে ধীমান ঘোষ (৩৮)। অন্যজন তার বন্ধু তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নেত্রকোনার কেন্দুয়া প্রতিনিধি জানান, কেন্দুয়ায় গরুবোঝাই ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়া (১৫)। সে কেন্দুয়া সায়মা শাহজাহান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থী রিয়াজ মিয়া, কেন্দুয়া পৌরসদর থেকে নিজ বাড়ি রামচন্দ্রপুর যাওয়ার পথে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে পৌরসভার সাউদপাড়া মহল্লার মতির মোড় এলাকায় পৌঁছলে নেত্রকোনা থেকে আসা গরুবোঝাই ট্রাকচাপায় নিহত হয়। এ সময় স্থানীয় লোকজন গরুসহ ট্রাক আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেলার মিরপুরে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত শরিফুল ইসলাম শরিফ (৪০) উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের বাসিন্দা মরহুম নাদের আলী মন্ডলের ছেলে ও দৈনিক আমার সংবাদ পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের তাঁতিবন্ধ এলাকার দুর্ঘটনার শিকার হন শরিফ। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক শরিফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুষ্টিয়া জেলা প্রেস ক্লাব ও মিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত